সালমান শাহকে ঘিরে ‘লাভ ৯৬’

‘লাভ ৯৬’ সিনেমায় আরিয়ান খান ও পূর্ণতা
অমর নায়ক সালমান শাহের ৩০তম মৃত্যুবার্ষিকী আগামী ৬ সেপ্টেম্বর। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৪ সেপ্টেম্বর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তাকে ঘিরে নব্বইয়ের দশকে সারা দেশে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ ও ভক্তদের পাগলামির গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। ইভান মল্লিকের পরিচালনায় ‘লাভ ৯৬’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। নির্মাতা জানিয়েছেন, অডিশনের মাধ্যমে নতুন দুজনকে নির্বাচন করেছি। অডিশনের ক্ষেত্রে পরিচালক সমিতিও সহযোগিতা করেছে।
গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘লাভ ৯৬’। রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডি জে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার।
বাংলা চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে সালমান শাহের। অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে অল্পসময়েই তিনি বদলে দেন বাংলা চলচ্চিত্রের চেনা ধারা। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুর সংবাদ পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন। সেই আবেগঘন সময়ে সালমান শাহকে ঘিরে ভক্তদের উন্মাদনা এবং এক অন্ধ ভক্তের জীবনকাহিনিকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’।
ইভান মল্লিক বলেছেন, ‘আমি মনে করি, রোমান্টিক ও অ্যাকশনধর্মী বাণিজ্যিক সিনেমাটি দেখলে প্রত্যেক সালমান শাহ ভক্তই নিজের কোনো না কোনো অনুভূতি খুঁজে পাবেন।’






