বড় পর্দায় সাড়া ফেলল ইউটিউবের হিট শো

ইউটিউবের হিট শো ‘দ্য অ্যামেজিং ডিজিটাল সার্কাস’ বড় পর্দায় সাড়া জাগিয়েছে। অস্ট্রেলিয়ান স্টুডিও গ্লিচ প্রোডাকশনসের এই শো ২০২৩ সালে চালু হওয়ার পর থেকে স্ট্রিমিং সাইটে শত শত মিলিয়ন ভিউ পেয়েছে। সিরিজের শেষ দুটি পর্ব ‘দ্য লাস্ট অ্যাক্ট’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে। বিনোদনকেন্দ্রিক সংবাদমাধ্যম ডেডলাইনের তথ্যানুযায়ী, এটি মুক্তির প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের বক্স অফিসে ৬৮ লাখ ডলার আয় করেছে। এর আয় ‘দ্য ব্যাকরুমস’ এবং ‘অবসেশন’কে ছাড়িয়ে গেছে। দুটিই পরিচালনা করেছেন সুপরিচিত ইউটিউবাররা।
এদিকে জাপান, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে ‘দ্য লাস্ট অ্যাক্ট’। যদিও আগামী ১৯ জুন গ্লিচের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে আসবে ‘দ্য অ্যামেজিং ডিজিটাল সার্কাস’-এর শেষ পর্ব দুটি। ফলে তখন বক্স অফিসের আয় কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
‘দ্য অ্যামেজিং ডিজিটাল সার্কাস’-এর চরিত্রগুলো হলো মানুষের অ্যাভাটার, যারা শো-টির সিম্যুলেটেড জগতে আটকা পড়ে। এর স্বতন্ত্র, কম্পিউটার-জেনারেটেড ভিজ্যুয়াল স্টাইল, হাস্যরস ও আবেগঘন বিষয় দর্শকদের মন কেড়েছে। অনলাইনে এই শোকে কেন্দ্র করে একটি বিশাল মিম সংস্কৃতির জন্ম হয়েছে।




