বিরতিতে লিংকন, আর্টসেলে বখতিয়ার

লিংকন ডি কস্টা ও বখতিয়ার হোসাইন
আর্টসেল ব্যান্ডের ২৭ বছরের পথচলায় এলো বড়সড় পরিবর্তন। ‘দুঃখবিলাস’, ‘অনুভূতি’, ‘পথচলা’, ‘অনিকেত প্রান্তর’-এর মতো জনপ্রিয় গানের গায়ক লিংকন ডি কস্টা এখন কানাডায়। তিনি ব্যক্তিগত কারণে সাময়িকভাবে ব্যান্ড থেকে সরে দাঁড়িয়েছেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আর্টসেলের সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। একই সঙ্গে ঘোষণা করা হয়, লিংকনের অনুপস্থিতিতে কনসার্ট ও মঞ্চ কার্যক্রম চালিয়ে নিতে ‘ট্যুরিং ভোকাল’ হিসেবে ব্যান্ডে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী বখতিয়ার হোসাইন। ভিডিও বার্তায় লিংকন বলেন, ‘গত ২৭ বছরে কখনো আর্টসেলের ক্লাসে অনুপস্থিত থাকিনি; কিন্তু জীবনের কিছু পরিস্থিতি এমনভাবে আসে, যেগুলো এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। বিশেষ প্রয়োজনে ছোট একটা বিরতি নিচ্ছি। তবে আমি ফিরে আসব।’
লিংকন জানালেন, ব্যান্ডের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ বললেন, ‘আমরা কখনোই লিংকনকে ছাড়া আর্টসেল কল্পনা করিনি; কিন্তু জীবনের বাস্তবতা অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। ভক্তদের কাছেও আমাদের দায়বদ্ধতা আছে।’
এর রেশ ধরে লিংকন বললেন, ‘আমি চাইনি ব্যান্ডের যাত্রা থেমে থাকুক। আর্টসেল চলবে, কারণ এটি একটি দীর্ঘদিনের আবেগ। আমি দূরে থাকলেও সবসময় আর্টসেলের সঙ্গেই আছি।’
বখতিয়ার হোসাইন প্রসঙ্গে লিংকন বললেন, ‘সে অসাধারণ একজন ভোকালিস্ট এবং মিউজিশিয়ান। সে আর্টসেলের গান, দর্শন ও আবেগকে বোঝে। তাই আমার বিশ্বাস, সে এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে।’
গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল জানালেন, লিংকন নিজেই চেয়েছিলেন ব্যান্ড যেন তার অনুপস্থিতিতে স্থবির হয়ে না পড়ে। জুয়েলের ভাষায়, ‘আমাদের এমন একজনকে দরকার ছিল, যিনি শুধু গান গাইবেন না; আর্টসেলের ২৭ বছরের বছরের দর্শন, ইতিহাস ও আবেগ ধারণ করতে পারবেন। আমরা মনে করেছি বখতিয়ার সেই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত।’
নতুন দায়িত্ব পেয়ে আবেগাপ্লুত বখতিয়ার হোসাইন। তিনি স্বীকার করেন, লিংকনের জায়গা পূরণ করা সম্ভব নয়। তার ভাষ্য, ‘আমি দীর্ঘদিন ধরে আর্টসেলের একজন শ্রোতা ও ভক্ত। এই ব্যান্ড আমার সংগীতজীবনের আবেগের একটি অংশ। ভক্তদের প্রত্যাশা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার।’
বখতিয়ার হোসাইন একসময় বে অব বেঙ্গল ব্যান্ডের লিড ভোকাল, গিটারিস্ট ও গীতিকার ছিলেন। গত জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে ওই ব্যান্ড থেকে বিদায় নেন।




