ফের ঢাকায় আসছেন ওটিলিয়া

ওটিলিয়া
২০১৪ সালের জনপ্রিয় গান ‘বিলিওনেরা’র তালে একসময় মেতেছিল বিশ্বের ড্যান্স ফ্লোর। সেই গানের কণ্ঠশিল্পী রোমানিয়ান পপতারকা ওটিলিয়া চার বছর পর আবারও ঢাকায় আসছেন।
আগামী ২৭ নভেম্বর রাজধানীতে হবে তার একক কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। আয়োজন করছে ইমেকার্স বাংলাদেশ। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ কনসার্টের ফটোকার্ড শেয়ার করেছেন ওটিলিয়া।
এর আগে ২০২২ সালে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের মাতিয়ে গেছেন এই শিল্পী। এবারও তার বহুল পরিচিত ‘বিলিওনেরা’সহ জনপ্রিয় গানগুলো নিয়ে মঞ্চে ফেরার অপেক্ষায় ভক্তরা।
রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। স্প্যানিশ ও ইংরেজি কথার সঙ্গে লাতিন ও বালকান ছন্দের মিশেলে তৈরি তার ‘বিলিওনেরা’ ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পায়।
বাংলাদেশের কনসার্টের ভেন্যু, টিকিটের মূল্য ও বিক্রির সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। শিগগিরই এসব তথ্য জানানো হবে বলে জানিয়েছে আয়োজকরা।







