দুর্গার সাজে নারীশক্তির উদযাপন

নাজিয়া হক অর্ষা -মিস্টার মোমেন্টওয়ালা
শারদীয় দুর্গাপূজায় উৎসবের রঙে বর্ণিল সাজে নারীশক্তির বার্তা ছড়িয়ে দিলেন অভিনেত্রী পরীমণি ও নাজিয়া হক অর্ষা। একজন সেজেছেন দেবী দুর্গা, অন্যজন পাহাড়ের প্রকৃতির মাঝে তুলে ধরলেন নিজেকে। দুই অভিনেত্রীর পৃথক ফটোশুট নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের সাজ, অভিব্যক্তি আর উপস্থাপনা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। লিখেছেন মীর রাকিব হাসান
পরীর সম্মোহনী সৌন্দর্য
লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় মুকুট, গলায় ফুলের মালা, অলংকার আর হাতে পদ্মফুল— সব মিলিয়ে সনাতনী বধূর সাজে দেবী দুর্গার আবহে নিজেকে তুলে ধরেছেন পরীমণি। তার সম্মোহনী সৌন্দর্যে যেন পূজার চিরচেনা প্রতিমা জীবন্ত হয়ে উঠেছে।
গতকাল রবিবার দুপুরে নিজের ফেসবুক পেজে বিশেষ ফটোশুট প্রকাশ করেন পরীমণি। তিনি লিখেছেন, ‘শুভশক্তির জয় হোক।’ ছোট্ট এই বার্তায় ফুটে উঠেছে উৎসবের আনন্দ ও শুভশক্তির প্রতি প্রত্যাশা। তার সাজ দেখে অনেকে মুগ্ধতা প্রকাশ করেছেন।
এদিকে ‘সেপারেশন’ নামের নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন পরীমণি। এতে প্রথমবার অভিনেতা ইমতিয়াজ বর্ষণের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাদের। পরীর চরিত্রের নাম তানিয়া। তিনি একটি সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক। অন্যদিকে ইমতিয়াজ বর্ষণ থাকছেন অধ্যাপকের চরিত্রে। তাদের দাম্পত্য জীবনের টানাপড়েনকে ঘিরেই এগিয়েছে গল্প।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত ৬০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্ম পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। তার পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমা দুটিতে ছিলেন পরীমণি। চার বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তারা।
এরই মধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি শুটিংবাড়ি এবং চ্যানেল আই ভবনে ‘সেপারেশন’-এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।পাহাড়ের কোলে অর্ষার অন্য রূপ
অর্ষার পরনে লাল শাড়ি। মাথায় টোপর, হাতে শাঁখা-পলা। প্রচলিত পূজার সাজে নিজেকে হাজির করলেও কখনো তার হাতে দেখা গেছে প্রতিমার মুখ, কখনো পিঠে নিয়েছেন থ্রুং। আবার কখনো পাহাড়ি মানুষের সঙ্গে মিশে গেছেন আন্তরিকভাবে। ত্রিশূল হাতে তার প্রতিবাদী উপস্থিতি ছবিগুলোতে যোগ করেছে ভিন্ন মাত্রা।
দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানের পাহাড়ি পরিবেশে তোলা ছবিগুলোয় একদিকে রয়েছে প্রকৃতির সৌন্দর্য, অন্যদিকে রয়েছে নারীশক্তি ও জীবন সংগ্রামের প্রতীকী উপস্থাপনা। পাহাড়ের কোলে লাল শাড়িতে তার উপস্থিতি যেন দুর্গার পরিচিত রূপের সঙ্গে পাহাড়ি নারীর জীবন ও শক্তিকে মিলিয়ে দিয়েছে। ফটোশুটের শিরোনাম ‘পাহাড়ের নারীশক্তি ও দুর্গা’। এর আয়োজন করেছে ‘মিস্টার মোমেন্টওয়ালা’। আলোকচিত্রী মো. নাজমুল হোসেনের পরিকল্পনা ও ক্যামেরায় ছবিগুলো তোলা। ছবিগুলো দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অর্ষাকে প্রশংসায় ভাসিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে এবং ভক্তরা।
এদিকে চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে অর্ষা অভিনীত ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজন। ১৯৭৯ সালের মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত সিরিজটির প্রথম সিজনে দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় ডুমুরঝাঁপিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের ওপর নির্যাতনের চিত্র উঠে আসে। নির্যাতনের ঘটনা প্রকাশ করতে গিয়ে নিখোঁজ হন মোংলা চার্চের রেভারেন্ড ফটোগ্রাফার সুনীল। বাবার তোলা ছবির খোঁজে ছেলে ড্যানিয়েল দুই যুগ পর নেমে পড়ে। সে জানতে পারে, বাবার বদলে কবর দেওয়া হয়েছিল গাছের গুঁড়ি। সুকর্ণ সাহেদ ধীমান পরিচালিত দ্বিতীয় সিজনে জানা যাবে সুনীলের পরিণতি।




