ঢাকায় আসছেন একের পর এক পাকিস্তানি গায়ক

বাঁ থেকে হাসান রাহিম, কাভিশের জাফর জায়েদি ও আসিম আজহার। মাঝে মুরতাজা কিজিলবাশ
সেপ্টেম্বর ও অক্টোবর জুড়ে ঢাকার মঞ্চে পাকিস্তানের কয়েকজন শিল্পী ও ব্যান্ড ঢাকায় গান শোনাবেন। এর মধ্যে রয়েছেন মুরতাজা কিজিলবাশ, আসিম আজহার, হাসান রাহিম ও মুস্তাফা জাহিদ। এছাড়া থাকছে ব্যান্ড জাল ও কাভিশ।
আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় কনসার্ট করার কথা রয়েছে পাকিস্তানি সংগীতশিল্পী মুরতাজা কিজিলবাশের। ‘হাম’, ‘হার বার’ ও ‘সিলা’র মতো গান দিয়ে পরিচিতি পেয়েছেন তিনি। এর পরদিন, ২৬ সেপ্টেম্বর ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ। সেপ্টেম্বরের এই আয়োজনের রেশ কাটতে না কাটতেই অক্টোবরে ঢাকায় আসছেন আরও দুই পাকিস্তানি সংগীতশিল্পী।
আগামী ২ অক্টোবর ঢাকার স্বদেশ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘দ্য আসিম আজহার ট্যুর— ঢাকা’। এটি বাংলাদেশে আসিম আজহারের প্রথম একক সরাসরি কনসার্ট। আয়োজন চলবে বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত। টিকিটের দাম শুরু হয়েছে ৩ হাজার ৫০০ টাকা থেকে। ব্রোঞ্জ শ্রেণির টিকিট ৩ হাজার ৫০০ টাকা, সিলভার ৪ হাজার ৫০০, গোল্ড ৬ হাজার ৫০০ ও ভিআইপি টিকিটের দাম ৮ হাজার ৫০০ টাকা।
আয়োজন করছে জোশতো! প্রোডাকশনস। অনুষ্ঠানে শুরুতে গান পরিবেশন করবেন আফরিন। এরপর মঞ্চে উঠবে বাংলাদেশের ব্যান্ড ওয়ারফেজ। আসিমের ‘গালত ফেহমি’ ও ‘কাভি ম্যায় কাভি তুম’সহ বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়।
এর দুই সপ্তাহ পর ১৬ অক্টোবর ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক ও গীতিকার হাসান রাহিম। ‘দিল কা পরদে ট্যুর’-এর অংশ হিসেবে তার এই সফর। আয়োজন করছে কাইনআর্ট। ২০২৫ সালে প্রকাশিত হাসান রাহিমের অ্যালবাম ‘দিল কা পরদে’ বেশ জনপ্রিয়তা পায়। ‘আসায় কাইসে’, ‘মাঁদ’, ‘উইশেস’ ও ‘পিচে হাট’সহ বিভিন্ন গানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার তরুণ শ্রোতাদের কাছে পরিচিত হয়ে উঠেছেন তিনি।
একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের আয়োজনে হতে যাওয়া কনসার্টে অংশ নেবেন পাকিস্তানের মুস্তাফা জাহিদ ও আলী আজমত। তাদের সঙ্গে একই মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় রক তারকা জেমস। ‘তো ফির আও’ খ্যাত মুস্তাফা জাহিদ এবার প্রথমবারের মতো ঢাকায় সরাসরি গান পরিবেশন করবেন। তার পাশাপাশি জাল ব্যান্ডও ঢাকায় ফিরছে। ‘আদাত’,‘লামহে’-এর মতো জনপ্রিয় গান গাওয়া জাল এর আগে ঢাকায় একাধিক কনসার্ট করেছে।



