জন্মদিন
এইতো শরিফুল রাজ

শরিফুল রাজ
২০১৬ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শরিফুল রাজের। টানা ১০ বছর ধারাবাহিকভাবে প্রশংসিত হচ্ছে তার অভিনয়। জন্মদিনে অভিনেতার হালহকিকত তুলে ধরা হলো এখানে
অভিনয়ই পেশা
প্রথম সিনেমার পরিচালক রেদওয়ান রনি তাকে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন। শুটিংয়ে গিয়ে সিনেমা নির্মাণ ও অভিনয়ের নানা দিক বুঝতে শুরু করেন। রাজ জানান, তখনই মনে হয়েছিল, আরও অনেক সিনেমায় কাজ করতে হবে। অভিনয়ের ইচ্ছা থাকলেও এটিকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না রাজের জন্য। সময় নিয়ে বুঝেছেন, এই পথেই তার ভালো লাগা। এখন অভিনয় উপভোগ করছেন। তুলনামূলক কম সিনেমায় কাজ করলেও ভালো চিত্রনাট্য পাচ্ছেন বলে মনে করেন তিনি। কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো সিনেমার সঙ্গে যুক্ত থাকাকেই গুরুত্ব দেন।
সিনেমা নির্বাচনে প্রাধান্য
রাজের মতে, এখন বাংলাদেশের চলচ্চিত্রে ভালো সিনেমা তৈরি হচ্ছে। তাই সংখ্যার চেয়ে কাজের মানকে গুরুত্ব দিতে চান। অনেকের কাছে তার সিনেমার সংখ্যা কম মনে হতে পারে। তবে নিজের কাজ নিয়ে তিনি সন্তুষ্ট। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান। এ কারণেই অভিনয়ের ক্যারিয়ার নিয়ে তার মধ্যে একধরনের স্বস্তি রয়েছে।
শাকিব খানের সঙ্গে অভিনয়ে আপত্তি নেই
দর্শকের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের সঙ্গে শরিফুল রাজকে একই সিনেমায় দেখতে চান। বিষয়টি নিয়ে রাজেরও ইতিবাচক মনোভাব রয়েছে। শাকিব খানকে গুণী শিল্পী উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রযোজক ও পরিচালক তাদের নিয়ে ভাবলে তার আপত্তি নেই। সবার সঙ্গেই কাজ করতে চান তিনি।
তুষির সঙ্গে ফের
‘আইসক্রিম’ সিনেমায় নাজিফা তুষির সঙ্গে অভিনয় করেছিলেন রাজ। এরপর দীর্ঘ ১০ বছরে তাদের আর একসঙ্গে সিনেমায় দেখা যায়নি। বিষয়টি নিয়ে দর্শকের প্রশ্নও রয়েছে। রাজ জানিয়েছেন, তুষির সঙ্গে আবারও কাজ করার ইচ্ছা তার আছে। তারা বন্ধু। তবে এক্ষেত্রে প্রযোজক ও পরিচালকদের উদ্যোগ নিতে হবে।
‘ঠিকানা’ নিয়ে আইনি নোটিস
সম্প্রতি ‘ঠিকানা’ সিনেমার শিডিউল নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে জড়িয়েছেন রাজ। রিয়েল এনার্জি প্রোডাকশন শিডিউল না দেওয়ার অভিযোগে তাকে আইনি নোটিস পাঠিয়েছে। প্রযোজকের দাবি, ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকায় চুক্তি অনুযায়ী রাজের শিডিউল প্রয়োজন। অন্যদিকে রাজের দাবি, শিডিউল দিতে অস্বীকৃতি জানাননি তিনি। তার বক্তব্য, চুক্তিতে ঈদের পরেও সিনেমা মুক্তির সুযোগ রয়েছে। তাই অন্য সিনেমায় কাজ করতে পারবেন না, এমন শর্ত মেনে নেওয়ার প্রশ্ন আসে না। অভিযোগগুলোকে ভিত্তিহীন ও সম্মানহানিকর বলে দাবি করেছেন তিনি। প্রয়োজনে আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবেন বলেও জানিয়েছেন।
প্রিয় অভিনেতার পা ছুঁয়ে সম্মান
টেলিভিশনের পর্দায় যার অভিনয় দেখে মুগ্ধ হতেন, একসময় তারই পাশে দাঁড়িয়ে সেরা অভিনেতার পুরস্কার নিয়েছেন শরিফুল রাজ। তিনি মোশাররফ করিম। সম্প্রতি বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডে যৌথভাবে সেরা চলচ্চিত্র অভিনেতার স্বীকৃতি পেয়েছেন দুজন। পুরস্কার গ্রহণের সময় প্রিয় অভিনেতার পা ছুঁয়ে সম্মান জানিয়েছেন রাজ। মোশাররফ করিমও তাকে কাছে টেনে নেন। মোশাররফ করিম ও শরিফুল রাজ এর আগে একসঙ্গে অভিনয় করেছেন ‘ইনসাফ’ সিনেমায়। তবে একই সিনেমায় থাকলেও দুজনের একসঙ্গে দৃশ্য ছিল খুব কম। বিষয়টি নিয়ে রাজের কিছুটা আক্ষেপ ছিল। সেই আক্ষেপ দূর হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। প্রিয় অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করার পাশাপাশি শুটিংয়ে তাকে কাছ থেকে দেখা এবং শেখার সুযোগ পেয়েছেন রাজ। রাজের কাছে মোশাররফ করিম শুধু একজন সহশিল্পী নন, অভিনয়ের পাঠশালাও। তার কাজের ধরন, প্রস্তুতি এবং সহশিল্পীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার বিষয়গুলো মুগ্ধ করে রাজকে।
নিজেকে প্রমাণ
শরিফুল রাজ ‘আইসক্রিম’ ছাড়াও ‘ন ডরাই’, ‘পরাণ’, ‘দামাল’, ‘হাওয়া’, ‘ওমর’, ‘ইনসাফ’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, ‘পরাণ’-এ রোমান, ‘হাওয়া’য় ইব্রাহিম, ‘গুণিন’-এ রমিজ এবং ‘বনলতা এক্সপ্রেস’-এ চিকিৎসক আশহাব চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
হাতে থাকা সিনেমা
শরিফুল রাজের হাতে রয়েছে নতুন পাঁচটি সিনেমার কাজ। ভিন্ন ভিন্ন গল্প ও ঘরানার এসব সিনেমায় তার সহশিল্পী হিসেবে থাকছেন বিদ্যা সিনহা মিম, ইধিকা পাল, বিদুষী বর্ণিতা ও সাবিলা নূর। আলভী আহমেদের পরিচালনায় সায়েন্স ফিকশন ও ড্রামা ঘরানার সিনেমা ‘জীবন অপেরা’, হাসিবুল রেজা কল্লোলের রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘কবি’, রায়হান রাফীর পরিচালনায় রোমান্টিক ড্রামা ‘প্রেমিক’। এ ছাড়া আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের পরিচালনায় সায়েন্স ফিকশন— হরর ঘরানার ‘কানাভুলা প্যারাডক্স’, সৈয়দ শাকিলের পরিচালনায় আরও একটি নাম চূড়ান্ত না হওয়া সিনেমায় অভিনয় করবেন তিনি।



