সেন্টুর গল্পে নতুন ওয়েব ফিল্ম ‘বলতে পারি নাই’

‘বলতে পারি নাই’ ওয়েব ফিল্মে আনিহা আলিজা ও আব্দুল্লাহ আল সেন্টু- ফেসবুক
‘পুনর্জন্ম’ ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন’সহ বিভিন্ন কনটেন্টে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আব্দুল্লাহ আল সেন্টু। এবার নিজের লেখা গল্পে নির্মিত ওয়েব ফিল্ম ‘বলতে পারি নাই’-এ কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এর গল্পে উঠে এসেছে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনসংগ্রাম, অপূর্ণতা ও সম্পর্কের টানাপড়েন। যেখানে নিত্যদিনের সাধারণ চাহিদাগুলোও হয়ে ওঠে অধরা স্বপ্ন। অর্থনৈতিক সংকটের কারণে থমকে যায় জীবনযাত্রা। এমনকি আর্থিক অনিশ্চয়তায় আটকে যায় বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও।
গল্প প্রসঙ্গে আব্দুল্লাহ আল সেন্টু বললেন, “এই গল্প আমাদের খুব চেনা। চারপাশের অনেক মানুষের জীবনের প্রতিচ্ছবি পাওয়া যাবে এতে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, যাদের সাধ ও সাধ্যের মধ্যকার দূরত্ব অনেকটা স্বপ্নের মতো।
টাকার অভাবে অনেকে বিয়ে করার সাহসও পান না। ভালো লাগলেও ভালোবাসার মানুষকে ধরে রাখা সম্ভব হয় না। এমন বাস্তবতাই দেখা যাবে ‘বলতে পারি নাই’ ওয়েব ফিল্মে।”
এতে সেন্টুর বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনিহা আলিজা।
ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আর আই লিপসন। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন সেন্টু।
এদিকে ভিকি জাহেদ পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘খলনায়ক’-এ অভিনয় করবেন সেন্টু। পাশাপাশি পরিচালক মেহেদী হাসান হৃদয়ের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘বিদায়’-এ দেখা যাবে তাকে।




