মাতৃত্বের গভীর বার্তায় বিশ্বমঞ্চে সামিরা খান মাহি

সামিরা খান মাহি
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। বৈশ্বিক এই আসরের ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে মাতৃত্বকে উপজীব্য করে দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি।
‘মাদারহুড আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে ন্যাশনাল কস্টিউম পর্বে নিজেকে তুলে ধরেছেন সামিরা খান মাহি।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে, তার নাম মা। আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে, শিকড় ও পরিচয় খুঁজে পায়, সেটি মাতৃভূমি। আমার প্রিয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত এই কস্টিউম পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।’
মাহির ভাষ্য অনুযায়ী, পোশাকটি মা ও সন্তানের চিরন্তন ও নিঃস্বার্থ বন্ধনের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এর মাধ্যমে জন্মের বিস্ময়, মায়ের সীমাহীন মমতা, নীরব ত্যাগ এবং সন্তানকে আজীবন আগলে রাখার অঙ্গীকার ফুটিয়ে তোলা হয়েছে।
মাহির মতে, এই পোশাকের প্রতিটি নকশা ও প্রতীক এমন এক মাতৃত্বের গল্প বলে, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা পেরিয়ে সবার হৃদয় ছুঁতে সক্ষম।
ন্যাশনাল কস্টিউমের ছবিতে সাদা ও লাল রঙের সমন্বয়ে তৈরি শাড়িতে দেখা গেছে মাহিকে, যার সঙ্গে যুক্ত হয়েছে সাবেকি গয়না।
পোশাকের পেছনে বৃত্তাকার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ভাস্কর্যধর্মী অবয়ব, যা উপস্থাপনায় দিয়েছে আলাদা মাত্রা।
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। সেদিনই চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং নতুন মিস ইউনিভার্সের মাথায় পরানো হবে বিজয়ীর মুকুট।




