রবার্ট প্যাটিনসনের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সুকি ওয়াটারহাউস

সুকি ওয়াটারহাউস ও রবার্ট প্যাটিনসন
হলিউডের অন্যতম চর্চিত ও রহস্যময় জুটি রবার্ট প্যাটিনসন ও সুকি ওয়াটারহাউসকে নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। গত কয়েকমাস ধরেই জোর গুঞ্জন চলছিল, ‘টোয়লাইট’ খ্যাত তারকা রবার্ট ও সুকি নাকি গোপনে রেজিস্ট্রি বা বিয়ে সেরে ফেলেছেন।
অবশেষে এই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন সুকি ওয়াটারহাউস নিজেই। সাফ জানিয়ে দিলেন, গোপনে লুকিয়ে বিয়ে করার কোনো ইচ্ছেই তাদের নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী গায়িকা ও অভিনেত্রী সুকি স্পষ্ট করে জানান যে তারা আইনিভাবে এখনও বিয়ে করেননি। তবে বিয়ের অনুষ্ঠান নিয়ে তাদের পরিকল্পনা কেমন হবে, তা খোলাসা করে তিনি বলেন, ‘বিয়ে করলে তা হয় সব হবে নয়তো কিচ্ছু হবে না। আমরা যদি করি, তবে বিশাল এক জমকালো পার্টি করব, যা পুরো দুনিয়া দেখবে।’
২০১৮ সাল থেকে সম্পর্কে থাকা এই জুটি ২০২৩ সালের শেষের দিকে বাগদান সারেন এবং ২০২৪ সালের মার্চ মাসে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান।
তবে বিশ্বজুড়ে শুটিং, মিউজিক ট্যুর আর এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটির কারণে আপাতত রাজকীয় বিয়ের পরিকল্পনা কিছুটা পিছিয়ে দিয়েছেন তারা।
বর্তমানে তাদের প্রধান লক্ষ্য, পশ্চিম লন্ডনে একটি স্থায়ী আস্তানা গড়ে তোলা, যেখানে মেয়ের সঙ্গে শান্তিতে একটু থিতু হওয়া যায়।
দীর্ঘ এক দশকের এই সম্পর্কে তারা যে কতটা সুখী, তা অকপটে স্বীকার করে সুকি বলেন, ‘ভাবলেই অবাক লাগে একসঙ্গে প্রায় দশ বছর কেটে গেল, আর আমি আজ কতটা সুখী।’
তাই যখনই এই স্টার জুটির সানাই বাজবে, তা যে হলিউডের ইতিহাসে অন্যতম এক ‘রকস্টার’ ওয়েডিং হবে, তা বলাই বাহুল্য।




