৭ কোটির আংটিতে বাগদান সারলেন হ্যারি-জো ক্রাভিটজ

ব্রিটিশ গায়ক-অভিনেতা হ্যারি স্টাইলস ও মার্কিন অভিনেত্রী জো ক্রাভিটজ বাগদান সেরেছেন। তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে একটি আন্তর্জাতিক বিনোদনমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
এর আগে এই জুটিকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। প্রতিবেদন অনুযায়ী, এই জুটি প্রায় আট মাস ধরে একসঙ্গে সময় কাটাচ্ছেন। ২০২৫ সালের আগস্টে ইতালির রোমে প্রথম তাদের একসঙ্গে দেখা যায়। পরে লন্ডনেও একাধিকবার ঘনিষ্ঠভাবে ধরা পড়েন তারা।
কদিন আগে লন্ডনে একসঙ্গে হাঁটার সময় জো ক্রাভিটজের হাতে বড় হীরার আংটি নজরে আসে ভক্তদের। বিদায়ের আগে হ্যারি স্টাইলসের চুম্বন সেই গুঞ্জনকে আরও জোরালো করে। জানা গেছে, জোর বাবা সংগীতশিল্পী লেনি ক্রাভিটজের সম্মতিও পেয়েছেন হ্যারি।
মার্কিন গণমাধ্যম দাবি করছে, জোর এনগেজমেন্ট রিংটির মূল্য প্রায় ৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকার সমান। এর আগে অভিনেতা চ্যানিং ট্যাটামের সঙ্গে বাগদানের সময়ও তার আংটির মূল্য ছিল প্রায় ৫ লাখ ডলার।
জো ক্রাভিটজ ২০১৯ সালে অভিনেতা কার্ল গ্লুসম্যানকে বিয়ে করেছিলেন। তবে ২০২০ সালেই তাদের বিচ্ছেদ হয়। পরে চ্যানিং ট্যাটামের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ২০২৩ সালে বাগদান করলেও ২০২৪ সালে সেই সম্পর্ক ভেঙে যায়।
অন্যদিকে, আলোচনায় ছিল হ্যারি স্টাইলসের ব্যক্তিগত জীবনও। টেলিভিশন উপস্থাপক ক্যারোলিন ফ্ল্যাক থেকে শুরু করে কেন্ডাল জেনার, ক্যামিল রো এবং পরিচালক অলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে বিভিন্ন সময়ে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেছে। তবে এবারই প্রথম তার বাগদানের খবর সামনে এলো।




