যাপিত জীবন: ইতিহাস, জাতিসত্তা ও ব্যক্তিমানুষের সংকট

পোস্টার থেকে
সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ শুধু ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা একটি ঐতিহাসিক উপন্যাস নয়; এটি দেশভাগ, জাতিসত্তার সংকট, রাজনৈতিক চেতনা, ব্যক্তিমানুষের জীবনসংগ্রাম ও সম্পর্কের টানাপড়েনের এক বিস্তৃত আখ্যান। অমর একুশের চেতনা, বাঙালির আত্মপরিচয় ও ইতিহাসের প্রতি লেখকের দায়বদ্ধতা উপন্যাসটির অন্যতম ভিত্তি। সেই সাহিত্যকর্মকে চলচ্চিত্রে রূপ দেওয়ার দায়িত্বও তাই কম নয়। ১৯৪৭ সালের দেশভাগের অভিঘাতে বহরমপুর থেকে ঢাকায় চলে আসা সোহরাব আলীর পরিবারের জীবনসংগ্রামের মধ্য দিয়ে উপন্যাসে উঠে এসেছে একটি সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা। সেই আখ্যানের কেন্দ্রীয় চরিত্র জাফর, যে নিজের ব্যক্তিগত জীবন, বিশ্বাস ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালির শিকড়, অস্তিত্ব ও জাতিসত্তার প্রতীক হয়ে ওঠে। এমন বিস্তৃত সময় ও রাজনৈতিক প্রেক্ষাপটকে চলচ্চিত্রের ভাষায় রূপ দেওয়া নিঃসন্দেহে কঠিন কাজ। পরিচালক হাবিবুল ইসলাম হাবিব সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
‘যাপিত জীবন’-এর অন্যতম শক্তি এর পিরিয়ড নির্মাণ। চল্লিশ ও পঞ্চাশের দশকের সময়কালকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে ঘরবাড়ি, পোশাক, খাবারের থালা-বাটি-বাসন, ওষুধ তৈরির পদ্ধতি এবং দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গে রয়েছে অত্যন্ত যত্নের ছাপ। এসব খুঁটিনাটি চলচ্চিত্রটির সময় ও পরিবেশ নির্মাণে সরাসরি সহায়তা করেছে। সাহিত্যনির্ভর চলচ্চিত্রে শুধু গল্পের ঘটনাপ্রবাহ তুলে ধরাই যথেষ্ট নয়; যে সময় ও সমাজে গল্পের চরিত্রগুলো বেঁচে থাকে, সেই সময়ের বিশ্বাসযোগ্য আবহ তৈরি করাও জরুরি। এ ক্ষেত্রে পরিচালকের নিষ্ঠা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
অভিনয়ের ক্ষেত্রে সোহরাব আলীর চরিত্রে আফজাল হোসেন এবং তার স্ত্রীর ভূমিকায় রোকেয়া প্রাচী বিশেষভাবে উল্লেখযোগ্য। দুজনের সংযত অভিনয়, পারস্পরিক রসায়ন ও চরিত্রের প্রতি আন্তরিকতা পারিবারিক আখ্যানকে বিশ্বাসযোগ্য করে তুলেছে। বিশেষ করে আফজাল হোসেনের অভিনয়ের প্রকাশ যেন শত বেদনা বুকে ধারণ করে, অজানা আশায় শান্তভাবে সামনের দিকে এগিয়ে চলা বহতা নদীর মতো। জাফরের চরিত্রে ইমতিয়াজ বর্ষণ সেই সময়ের মানুষ হিসেবে দারুণ বিশ্বাসযোগ্য। তার লুক, হেয়ার স্টাইল ও ডায়ালগ ডেলিভারির ধরন অত্যন্ত সময়োপযোগী ও সুনিপুণ। আঞ্জুম চরিত্রে আশনা হাবিব ভাবনা যেন সরলতার প্রতিমূর্তি। অত্যন্ত সরল, স্থির অথচ গভীর বেদনাক্রান্ত এক নারীর ভূমিকায় তিনি নিজেকে পুরোপুরি সঁপে দিতে পেরেছেন। মুখে কথা কম বললেও তার চোখের ভাষায় প্রকাশিত হয় অনেক অব্যক্ত আকুতি। চোখের অভিব্যক্তিতে ভাবনা সম্পূর্ণ সফল। জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক হাসান, মৌসুমী হামিদ, ডলি জহুর, মোহাম্মদ রফিক, অংকনসহ অন্য শিল্পীরাও চরিত্র অনুযায়ী নিজেদের ভূমিকা দক্ষতার সঙ্গে পালন করেছেন।
চলচ্চিত্রটির লোকেশন এতটাই সুনির্বাচিত যে, তা নিজেই একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে। শিল্পনির্দেশনাও অত্যন্ত প্রশংসনীয়। চলচ্চিত্রটিতে ইমন সাহার আবহসংগীত এবং আসিফ ইকবালের কথায়, পিন্টু ঘোষের সংগীত আয়োজনে গানগুলোর ব্যবহার গল্পের আবেগকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। মমতাজের কণ্ঠে ‘নসিব যেথা নিয়া চলে আমি সেথা যাই’ গানটি গল্পের অনিশ্চিত জীবন, নিয়তি ও মানুষের চলমান যাত্রার অনুভূতির সঙ্গে সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে। দৃশ্যের আবেগকে সহযোগিতা করে সংগীতের এমন ব্যবহার চলচ্চিত্রটির ইতিবাচক দিক।
তবে চলচ্চিত্রটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিশেষ করে ভাষা আন্দোলন ও অন্যান্য রাজনৈতিক আন্দোলনের দৃশ্যগুলো প্রত্যাশিত মাত্রায় উপস্থাপিত হয়নি। যে আন্দোলন উপন্যাসের অন্যতম কেন্দ্রীয় অনুষঙ্গ, পর্দায় তার উত্তাপ, জনসমাগমের আবেগ, উত্তেজনা ও ঐতিহাসিক অভিঘাত আরও গভীরভাবে অনুভব করার সুযোগ ছিল। অনুদানের চলচ্চিত্রে বড় পরিসরের দৃশ্য নির্মাণের বাস্তব সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু গল্পের গুরুত্ব বিবেচনায় এসব দৃশ্যের আরও শক্তিশালী উপস্থাপন প্রত্যাশিত ছিল। তাছাড়া, সিনেমাটি যেখানে শেষ হয়েছে, তার পরিবর্তে জাফরের মৃত্যুর পর তার অনুপস্থিতিতে আঞ্জুমের মধ্যে যে শূন্যতা ও হাহাকার তৈরি হয়, তার দৃশ্যায়নের মধ্য দিয়ে শেষ হলে সিনেমাটির অনুভূতি দর্শকের মধ্যে আরও দীর্ঘস্থায়ী হতে পারত বলে আমার বিশ্বাস।
তবু ‘যাপিত জীবন’-এর গুরুত্ব শুধু নির্মাণগত সাফল্য কিংবা সীমাবদ্ধতা দিয়ে বিচার করলে চলবে না। দেশভাগের যন্ত্রণা, মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম, জাতিসত্তার জাগরণ এবং রাজনৈতিক বাস্তবতার ভেতর ব্যক্তিমানুষের অস্তিত্বের লড়াই— এসব বিষয় আজও প্রাসঙ্গিক। ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রশ্ন কোনো নির্দিষ্ট ঐতিহাসিক সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং সময়ের পরিবর্তনের সঙ্গে নতুন নতুন বাস্তবতায় তার তাৎপর্য আরও স্পষ্ট হয়ে ওঠে।
বাংলাদেশের চলচ্চিত্রে সাহিত্যনির্ভর কাজের সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। সেই বাস্তবতায় সেলিনা হোসেনের মতো গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিকের উপন্যাসকে বড় পর্দায় নিয়ে আসা এবং একটি বিস্তৃত ঐতিহাসিক সময়কে ধারণের চেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। নির্মাণের কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও ‘যাপিত জীবন’ আমাদের ইতিহাস, ভাষা, জাতিসত্তা ও ব্যক্তিমানুষের জীবনসংগ্রাম নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করে।
ইতিহাসের ঘটনা অতীতের, কিন্তু সেই ইতিহাসের ভেতর নিহিত আত্মপরিচয়, অধিকার ও অস্তিত্বের প্রশ্নগুলো আজও আমাদের জীবনের অংশ। সেই জায়গা থেকেই ‘যাপিত জীবন’ উপন্যাসে উল্লিখিত ১৯৪৭ থেকে ১৯৫২ সালের প্রেক্ষাপটের সংকট আজও প্রাসঙ্গিক।
চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক



