ঢাকা ছেড়ে স্থায়ীভাবে গ্রামে চলে যাচ্ছেন বাপ্পারাজের নায়িকা রঞ্জিতা

রঞ্জিতা কনা
ঢাকার জীবনযাত্রার ব্যয়, গ্যাস সংকট ও বিদ্যুতের বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা কনা। এসব ভোগান্তির কথা তুলে ধরে ছেলেকে নিয়ে ঢাকা ছেড়ে বগুড়ায় গ্রামের বাড়িতে স্থায়ীভাবে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ অভিনেত্রী। তার প্রশ্ন, নিয়মিত গ্যাস না পেলেও কেন প্রতি মাসে গ্যাসের বিল দিতে হবে? অন্যদিকে বিকল্প হিসেবে বিদ্যুতের চুলা ব্যবহার করতে গেলেও বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে। অথচ আয়-রোজগার বাড়েনি।
ফেসবুক পোস্টে রঞ্জিতা লেখেন, ‘আমরা যারা মধ্যবিত্ত তাদের মনে একটাই প্রশ্ন উঁকি দেয়, যেখানে গ্যাস আসে না তবে কেন প্রতি মাসে লাইনের গ্যাসের বিল দিতে হবে! এখানেও ছাড় নেই। আবার কষ্ট করে বিদ্যুৎ চুলা জ্বালাতে ভয় পাই। প্রিপেইড কার্ডে মাসে কত টাকা রিচার্জ করতে হয়, এখানেও শান্তি নেই। বিদ্যুতের রেটও বেড়ে গেছে! এমনিতে আয়-রোজগার বাড়েনি!’
নিজের বক্তব্যকে রাজনৈতিক বিতর্কে না জড়ানোর অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমি রাজনীতি বুঝি না, আমি রিজিক, যা সহজ ভাষায় পেটনীতি বুঝি। আমার মনের কষ্টের কথা বললাম, আবার এটা কোনো রাজনীতিতে টানবেন না। আমরা দেশের নাগরিক। এত বছর ভয়ে কিছু পোস্ট করতাম না। কিন্তু ভয় পেলে কি কেউ এসে আমার সমস্যাগুলো সমাধান করবে? না, আমারটা আমাকেই করতে হচ্ছে বাবা-মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর থেকে!’
বিদ্যুৎ বিল কমানোর দাবিও জানিয়েছেন এ অভিনেত্রী। বললেন, ‘বিদ্যুতের রেট কমিয়ে দিলে আমাদের জন্য ভালো হতো। এমনিতে কত মাস থেকে গ্যাস আসে না, আবার আসছে শীত, তখন তো আরও গ্যাস আসবে না! তাই সিদ্ধান্ত নিয়েছি গ্রামের বাড়িতে চলে যাব।’
ঢাকা ছাড়ার সিদ্ধান্তের পেছনে পারিবারিক বাস্তবতার কথাও তুলে ধরেছেন রঞ্জিতা। ছেলের বাবার সঙ্গে সন্তানের যোগাযোগ না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, ‘ছেলের বাবা যেহেতু ছেলের খোঁজখবর নেয় না, এমনকি ঈদেও বাবা-ছেলের মধ্যে ঈদ মোবারক, মোবাইলেও মতবিনিময় হয় না। সুতরাং মা-ছেলে বগুড়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আশির দশকের শেষ দিকে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রঞ্জিতা কনার। ছবিটিতে বাপ্পারাজের বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। সিনেমাটির ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’ গানটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান এ অভিনেত্রী।
এরপর ‘রাজা মিস্ত্রী’, ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘কুংফু কন্যা’, ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’ ও ‘প্রেমিক রংবাজ’। ২০০৫ সালের পর নতুন সিনেমায় তাকে আর দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে এ অভিনেত্রীকে।





