খোলামেলা পোশাক পরেছিলেন কারিশমা, শুটিং করতে চাননি সালমান

‘দুলহান হাম লে যায়েঙ্গে’ সিনেমার গানে সালমান ও কারিশমা
বলিউডে অন-স্ক্রিন কেমিস্ট্রির পাশাপাশি সহঅভিনেত্রীদের প্রতি সালমান খানের রক্ষণশীল মনোভাবের কথা কার না জানা। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ ৯’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসে পুরনো দিনের তেমনই এক মজার ও চমকপ্রদ তথ্য ফাঁস করলেন নব্বইয়ের দশকের দুই সুপারস্টার সালমান খান ও কারিশমা কাপুর।
জানা গেল, ব্লকবাস্টার সিনেমা ‘দুলহান হাম লে যায়েঙ্গে’-এর শুটিংয়ের সময় কারিশমার একটি নির্দিষ্ট পোশাক নিয়ে তুমুল আপত্তি তুলেছিলেন ভাইজান।
শোতে কারিশমা নিজেই জানান যে, সে সময়ে নিজের ফ্যাশন ও স্টাইল নিয়ে তিনি দারুণ উত্তেজিত ছিলেন। কিন্তু ছবির একটি গানে তার পরা অল্প কাপড়ের ও হালকা ধাঁচের পোশাকটি দেখেই মেজাজ হারিয়েছিলেন সালমান।
কারিশমার ভাষায়, ‘আমি যখন ওই আইকনিক পোশাকটি পরে সেটে আসি, সালমান সোজা বলে দেয়, ‘তুমি এটা কী পরেছ? এ পোশাকে আমি তোমার সঙ্গে কোনো শট দেব না।’ বাধ্য হয়ে কারিশমা নালিশ জানাতে ছুটে যান পরিচালক ডেভিড ধাওয়ানের কাছে।
বিষয়টি পরিষ্কার করে সালমান নিজেই জানান, পোশাক ছোট হওয়ায় তার কোনো আপত্তি ছিল না। সমস্যা ছিল অন্য জায়গায়।
নিজের উরুর দিকে ইশারা করে সালমান বলেছেন, “পোশাকটি শিয়ার ও স্বচ্ছ টাইপের ছিল। নাচের সময় স্টেপ দেওয়ার সঙ্গে সঙ্গে পোশাকটি আরও ওপরের দিকে উঠে আসত। তাই আমি প্রতিটি শটের আগে কারিশমাকে বলতাম, ‘পুল ইট ডাউন’ (নিচে নামাও)।” কারিশমার হেয়ারড্রেসাররাও নাকি সবসময় খেয়াল রাখতেন যাতে ড্রেস ঠিক থাকে।
কারিশমা যদিও শোতে হাসতে হাসতে সালমানের এ কথাকে ‘বাজে বকা’ বলে উড়িয়ে দেন, তবে স্বীকার করেন যে সালমান সবসময়ই তার সহঅভিনেত্রীদের ব্যাপারে অসম্ভব রকমের রক্ষণশীল ছিলেন।
শুধু কারিশমা একা নন, এর আগেও ক্যাটরিনা কাইফ, পলক তিওয়ারি কিংবা ডেইজি শাহের মতো অভিনেত্রীরাও বিভিন্ন সময় জানিয়েছেন যে তাদের পোশাকের বহর বা খাটো ভাব নিয়ে প্রায়ই নাক গলাতেন সালমান খান।
তবে সালমান যতই আপত্তি করুন না কেন, শেষ পর্যন্ত কারিশমার সেই পোশাকটি সিনেমাটিতে রাখা হয়েছিল এবং এটি তার একটি আইকনিক ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হয়।




