ঢাকাই চলচ্চিত্রে মুম্বাইয়ের মুকেশ ঋষি

মুকেশ ঋষি
নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন অ্যাকশনধর্মী সিনেমা ‘নসীব’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউডের আলোচিত অভিনেতা মুকেশ ঋষি। প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
তিন দশকের বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন মুকেশ ঋষি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সানি দেওল থেকে শুরু করে আমির খান, সালমান খান ও হৃতিক রোশনের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু, তামিল, মালয়ালম ও পাঞ্জাবি সিনেমাতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।
ক্যারিয়ারের শুরু থেকেই খলচরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন মুকেশ। ‘নসীব’ সিনেমাতেও নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই তাঁর বাংলাদেশে আসার কথা রয়েছে।
নির্মাতা মোহাম্মদ ইকবাল জানান, এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ‘নসীব’ সিনেমার প্রথম ধাপের দৃশ্যধারণ শেষ হয়েছে। তবে সিনেমার মূল চরিত্রে কারা অভিনয় করছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শিগগিরই বড় আয়োজনের মাধ্যমে নতুন এই জুটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী ৯ নভেম্বর থেকে বগুড়ায় শুরু হবে সিনেমাটির দ্বিতীয় ধাপের শুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের যেকোনো ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ‘নসীব’।
এদিকে ‘নসীব’-এর কাজ শেষ করেই আরেকটি বড় আয়োজনের সিনেমা নির্মাণে হাত দেবেন মোহাম্মদ ইকবাল। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে তাঁর পরিচালিত ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিং। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে টালিউড অভিনেত্রী মধুমিতা সরকারের।




