একই সোফায় সালমান-ঐশ্বরিয়া, কী হয় মনীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে

মনীশ মালহোত্রা, ঐশ্বরিয়া ও সালমান খান
বলিউডের সবচেয়ে জাঁকজমকপূর্ণ দীপাবলি পার্টি মানেই ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার পালি হিলের পাঁচতলা বাড়ির আসর। প্রতি বছর বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় তারকাদের ঝলমলে ছবি দেখা গেলেও, বাড়ির ভেতরের পার্টিতে আসলে কী চলে তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
সম্প্রতি ‘রোলা’-এর সাংবাদিক নম্রতা জাকারিয়া মনীশের এবারের পার্টির ভেতরের অজানা সব কাণ্ডকারখানা ফাঁস করে দিয়েছেন, যা শুনে রীতিমতো চমকে উঠেছে নেটপাড়া।
জানা গেছে, মনীশের এই পার্টিতে আমন্ত্রিত প্রায় ৩০০ অতিথির প্রত্যেকের জন্যই ৬ দিনের মধ্যে বিশেষ পোশাক তৈরি করে মনীশের টিম।
এরপর অধিকাংশ অভিনেতা-অভিনেত্রী পার্কিং এরিয়ায় তৈরি করা বিশেষ জায়গায় প্রায় ১০০ জন পাপারাজ্জির সামনে পোজ দেন।
এই ইভেন্টের ছবি ও ভিডিও প্রায়শই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে থাকে। আর এ বছর এই আসরে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চন, যাদের বিরল রোমান্টিক উপস্থিতি সবার নজর কেড়েছে।
এ বছরের অতিথিদের মধ্যে আরও ছিলেন কারিনা কাপুর, সাইফ আলি খান, নীতা আম্বানি, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, ভিকি কৌশল, করণ জোহর, জোয়া আখতার, মাধুরী দীক্ষিত, কাজল, কৃতি স্যানন, মালাইকা আরোরা, হুমা কুরেশি, সানিয়া মালহোত্রা, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে এবং শানায়া কাপুর সহ আরও অনেকে।
তবে সবার চোখ ফাঁকি দিয়ে একদম পেছনের গোপন দরজা দিয়ে পার্টিতে প্রবেশ করেন কিং খান শাহরুখ। ভেতরেও নিজের ছবি তোলা একদমই পছন্দ করেন না তিনি। কেউ দূর থেকেও শাহরুখের ছবি তুললে তার বডিগার্ড রবি সিং বিনয়ের সঙ্গে তা ডিলিট করিয়ে দেন।
আর কোনো অতিথি যদি লুকিয়ে শাহরুখের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে বসেন, তবে পরের বছর মনীশের পার্টিতে তার আমন্ত্রণ চিরতরে বাতিল হয়ে যায়।
পার্টির আসল জমজমাট আসর বসে বাড়ির দোতলায়। সেখানকার লিভিং রুমে রাখা একটি বিলাসবহুল সাদা সোফা ঘিরেই চলে আসল ম্যাজিক। সালমান খান পার্টিতে এলে সোজা ওই সাদা সোফায় রাজার মতো বসেন, আর মাধুরী দীক্ষিত থেকে শুরু করে তাবড় সব তারকারা তার সঙ্গে দেখা করতে লাইন দেন।
মজার ব্যাপার হলো, সালমান পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর ঠিক ওই একই সাদা সোফাটি দখল করে বসেন তার প্রাক্তন প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চন।
শাহরুখ খান পার্টিতে আসেন ঠিক মধ্যরাতের পর। আর তিনি আসতেই এন্টারটেইনমেন্ট রুমের ডিজে টানা দুই ঘণ্টা ধরে শুধু শাহরুখের সুপারহিট সব গান বাজাতে থাকেন।
ড্যান্স ফ্লোরে নেমে মেয়ে সুহানা খান, অনন্যা পান্ডে, শানায়া কাপুর এবং সুহানার চর্চিত প্রেমিক অগস্ত্য নন্দাকে সঙ্গে নিয়ে নাচে মেতে ওঠেন কিং খান। নাচ ও আড্ডা শেষে স্ত্রী গৌরী খানকে নিয়ে ওই বিখ্যাত সাদা সোফায় বসেই ভোররাতের আড্ডা জমান বলিউড বাদশাহ।




