সন্তান জন্মের পর আলিয়া-ক্যাটরিনাকে ফোন করে পরামর্শ নিতেন কিয়ারা

কিয়ারা, আলিয়া ও ক্যাটরিনা
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে এখন খুশির জোয়ার। ২০২৫ সালে প্রথম কন্যাসন্তান সারায়াহর জন্মের পর, সম্প্রতি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরও দিয়েছেন কিয়ারা।
তবে প্রথমবার মা হওয়ার পর ‘পোস্টপার্টাম ফেজ’ পার করা কিন্তু মোটেও সহজ ছিল না তার জন্য। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর মঞ্চে বসে কিয়ারা ফাঁস করলেন সেই কঠিন সময়ে বলিউডের আরেক দুই নতুন মা আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ কীভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন।
করণ জোহরের শো-তে স্বামী সিদ্ধার্থের পাশে বসে প্রথমবার গর্ভধারণের অভিজ্ঞতা শেয়ার করেন কিয়ারা। তিনি জানান, গর্ভাবস্থার প্রথম তিনটি মাস শারীরিক ও হরমোনজনিত পরিবর্তনের কারণে ভীষণ কঠিন ছিল। সেই সময় নিজের মা ও শাশুড়ির পাশাপাশি সমমনা নারীদের সান্নিধ্য ভীষণ প্রয়োজন হয়ে পড়েছিল তার।
কিয়ারা জানান, মা হওয়ার পর তিনি নিয়মিত আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং পত্রলেখাকে ফোন করতেন। এ প্রসঙ্গে কিয়ারা বলেছেন, ‘আমরা একে অপরের খোঁজখবর নিতাম, কারণ আমরা সবাই একই পেশার মানুষ। আমার স্পষ্ট মনে আছে, আমি আলিয়াকে ফোন করে জানতে চেয়েছিলাম সন্তান সামলে আবার কীভাবে শুটিং ফ্লোরে ফেরা যায়। একদিকে পরিবার আর অন্যদিকে পেশাদারিত্ব, এই দুইয়ের মাঝে ভারসাম্য রাখতে গিয়ে একটা মম গিল্ট সবসময় কাজ করে। আলিয়া ও ক্যাটরিনার সঙ্গে কথা বলে সেই মানসিক চাপ অনেকটা হালকা হতো।’
২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমীরে রাজকীয় বিয়ের পর ২০২৫ সালের ১৫ জুলাই কন্যা সারায়াহর জন্ম দেন সিদ্ধার্থ-কিয়ারা। আর চলতি বছরের ৭ অক্টোবর দ্বিতীয় সন্তান আগমনের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা জুটি।
পেশাগত জীবনে সম্প্রতি যশের বিপরীতে ‘টক্সিক’ সিনেমাতে দেখা গেছে কিয়ারাকে। আপাতত দ্বিতীয় মাতৃত্বের এই সুন্দর অধ্যায়টাই পুরোদমে উপভোগ করছেন তিনি।




