প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

রাধিকা আপ্তে
ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার জন্য বরাবরই পরিচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করেছেন তিনি। তবে সাহসী কিছু দৃশ্যে অভিনয়ের কারণে ইন্ডাস্ট্রির একাংশ তাঁর সম্পর্কে নির্দিষ্ট ধারণা তৈরি করে ফেলেছিল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করার পর অনেকের ধারণা হয়েছিল, চিত্রনাট্যের প্রয়োজন থাকুক বা না থাকুক, তাঁকে দিয়ে এ ধরনের দৃশ্যে অভিনয় করানো সম্ভব।
রাধিকার ভাষ্য, কোনো দৃশ্য গল্পের জন্য প্রয়োজনীয় কি না, সে বিষয়ে তিনি বরাবরই প্রশ্ন করেন। চিত্রনাট্যে যৌক্তিকতা না থাকলে শুধু দৃশ্যটিকে আকর্ষণীয় করার জন্য ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে তিনি রাজি নন।
অভিনেত্রী জানান, এমনও হয়েছে যে কোনো দৃশ্যের নির্দিষ্ট প্রয়োজন ব্যাখ্যা না করে তাকে সহ-অভিনেতার সঙ্গে চুম্বনের দৃশ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি অল্প সময়ের ‘ইম্প্রোভাইজেশন’ হিসেবেও এ ধরনের দৃশ্যের প্রস্তাব পেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তার প্রশ্ন ছিল, গল্পে প্রয়োজন না থাকলে হঠাৎ এমন দৃশ্য যুক্ত করার কারণ কী।
আরেকটি ঘটনার কথা উল্লেখ করে রাধিকা জানান, একটি ছবির অ্যাকশন দৃশ্যের সময় তাকে পোশাকের বোতাম না লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে আরও আপত্তিকর ধরনের পোশাক ব্যবহারের প্রস্তাবও দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এমন প্রস্তাবে তিনি বিস্মিত হন এবং এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
রাধিকার এই বক্তব্য চলচ্চিত্রে অন্তরঙ্গ বা সাহসী দৃশ্য ব্যবহারের প্রয়োজনীয়তা এবং অভিনয়শিল্পীর সম্মতির বিষয়টি আবারও সামনে এনেছে। তাঁর বক্তব্যের মূল বিষয় হলো, কোনো দৃশ্য গল্পের প্রয়োজনে হলে সেটি এক বিষয়; কিন্তু গল্পের সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও কোনো অভিনেতাকে এমন দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়া উচিত নয়।





