দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

নাটকের একটি দৃশ্য
শুধু প্রেম নয়, রয়েছে সাংসারিক জটিলতা, বিশেষ করে মা-ছেলের সম্পর্কের টানাপড়েন ঘিরে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে 'আপন পর' নামের একটি নাটক। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তার সঙ্গে রয়েছেন সাদনিমা বিনতে নোমান। দীর্ঘদিন পর এই নাটকের মধ্যে পর্দায় ফিরেছেন বিজরী বরকতুল্লাহ, যথারীতি দর্শক তাকে সাদরে গ্রহণ করেছেন।
মায়ের মমতা, ভালোবাসা, সমাদর পাওয়ার জন্য কেউ কতদূর যেতে পারে? এ ক্ষেত্রে কতখানি ত্যাগ স্বীকার করতে পারে কোনো সন্তান? এমন কিছু জিজ্ঞাসা ফুটে উঠেছে 'আপন পর'-এ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
নাটকে দেখা যায় তৌসিফ অভিনীত রিফাত চরিত্রটি ছেলেবেলা হতে তীব্র মাতৃস্নেহের অভাব বোধ করে। তার মধ্যে সৎমায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ক্রমেই বেড়েই চলে। ছোটবেলা থেকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে কখনো মায়ের 'আপন' ছেলের মতো সমাদর পায় নি, যা তাকে মানসিকভাবে নিঃস্ব করে রাখে। অতঃপর মায়ের একটি চাওয়া পূরণ করতে গিয়ে সে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে। নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ। দীর্ঘদিন পর এই কৃতি অভিনেত্রীকে পর্দায় দেখে উচ্ছ্বসিত তার ভক্ত ও অনুরাগীরা।
মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে 'আপন পর' পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তৌসিফের সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। প্রথমবার এই নায়কের সঙ্গে জুটি বেঁধে প্রশংসিত হচ্ছেন। নাটকে ব্যবহৃত হয়েছে 'আদরে আস্তিন' নামের একটি গান। মাহবুব রহমানের কথা ও মার্সেলের সুর-সংগীতে এতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ। এখন পর্যন্ত 'আপন পর' দেখা হয়েছে ৮২ লক্ষবার।




