অভিনেতা রমাকান্ত মারা গেছেন

মারা গেছেন ধারাবাহিক ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা রমাকান্ত দায়ামা। সোমবার সকালে তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
অভিনেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও অভিনেত্রী শুভাঙ্গী লাতকর। সামাজিক যোগাযোগমাধ্যমে রমাকান্তের একটি পুরনো ভিডিও শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
পোস্টে শুভাঙ্গী উল্লেখ করেন, রমাকান্ত দায়ামা তার কাছে শুধু প্রিয় বন্ধু ছিলেন না, বরং এমন একজন মানুষ ছিলেন যাকে তিনি গভীরভাবে শ্রদ্ধা করতেন। তার ভাষ্য, জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও কীভাবে আনন্দে থাকতে হয়, তা রমাকান্ত জানতেন। তিনি নাচ, গান ও অভিনয়ে সমান দক্ষ ছিলেন এবং একজন দায়িত্বশীল পরামর্শদাতা হিসেবেও তাকে অনুপ্রাণিত করেছেন।
রমাকান্তের মানসিক দৃঢ়তার কথা তুলে ধরে শুভাঙ্গী আরও লিখেছেন, শারীরিকভাবে ছোটখাটো গড়নের হলেও তিনি ছিলেন অত্যন্ত সাহসী ও শক্ত মনের মানুষ। কয়েক মাস ধরে অসুস্থ থাকার কথা জানা থাকলেও তার সুস্থ হয়ে ফেরার আশা ছিল সবার।
তিনি আরও জানান, বহু বছর পর আবার একসঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিলেন তারা। একটি হিন্দি নাটকে একসঙ্গে অভিনয়ের কথাও ঠিক হয়েছিল।
রমাকান্ত দায়ামার মৃত্যুতে বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুরাগীরা তার বিদায়ে গভীর শোক প্রকাশ করছেন। তবে এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।







