অন্য আমেরিকার ছবি

হলিউডের তিনটি চলচ্চিত্র, আজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৬ সালে, আমেরিকার ভিন্ন চিত্র বিশ্বের সামনে তুলে ধরেছিল। এমন সব গল্প বলেছিল এগুলো, যা আমেরিকার মহান ভাবমূর্তির সঙ্গে একেবারেই যায় না। এসব সিনেমা বরং দেশটিতে সত্যিই কী ঘটছিল, সেটাই ফুটিয়ে তোলে এবং এর প্রভাব হয় সুদূরপ্রসারী। চলচ্চিত্র তিনটি হলো-- ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘অল দ্য প্রেসিডেন্ট’স মেন’ এবং ‘নেটওয়ার্ক’।
তিনটি চলচ্চিত্রই গতানুগতিক ধারা পাশ কাটিয়ে নির্মাতাদের মধ্যে নতুন মানসিকতার উদ্ধোধন ঘটায়, ট্রুথ ইজ বেটার দ্যান ফিকশনের ধারণা প্রবল করে এবং হলিউডের প্রযোজক-পরিচালকদের মধ্যে এই বিশ্বাস দৃঢ় করে যে, ঝুঁকি নিলেও বিকল্প ঘরানার চলচ্চিত্রেও আর্থিক সাফল্য আসতে পারে। উল্লেখ্য, ৫০ বছর পরেও এই চলচ্চিত্রগুলোর আবেদন এখনো অটুট; এগুলোর গল্প বলার ধরণ ও বিষয়বস্তু সমান আকর্ষণীয়।
১৯৭৬ সালেই মুক্তি পেয়েছে অনেক উল্লেখযোগ্য পরিচালকের চলচ্চিত্র– বের্নার্দো বের্তোলুচ্চির ‘১৯০০’, ফেদেরিকো ফেলিনির ‘ক্যাসানোভা’, ব্রায়ান ডি পামার ‘ক্যারি’, ইঙ্গমার বার্গম্যানের ‘ফেস টু ফেস’, নাগিশা ওশিমার বিতর্কিত ‘ইন দ্য রিম অব দ্য সেন্সেস’। নিজ নিজ বৈশিষ্টে এই নির্মাণগুলো উজ্জ্বল।
‘দি ওমেন’, ‘কিং কং’, ‘ম্যারাথন ম্যান’, ‘হার্লান কাউন্টি’, ‘রকি’র মতো চলচ্চিত্রের কথাও বলা যেতে পারে। কিন্তু এসব নির্মাণের তুলনায় আলোচ্য সিনেমা তিনটি হলিউডে ভিন্ন মাত্রা যোগ করেছে। এখনো, এত বছর পরও দর্শকের কাছে এগুলোর আবেদন অন্য অনেক চলচ্চিত্রের চেয়ে যে বেশি, সেটি আইএমডিবির রেটিং দেখলেও বোঝা যায় (যথাক্রমে– ৮.২, ৭.৯ ও ৮.০)।
ট্যাক্সি ড্রাইভার (মুক্তি ৯ ফেব্রুয়ারি ১৯৭৬)
এই চলচ্চিত্রে আমরা পাই বাতিকগ্রস্ত ও নারীসঙ্গবঞ্চিত ট্যাক্সিচালক ট্র্যাভিস বিকলকে, যে শহুরে নিঃসঙ্গতার উজ্জ্বল উদাহরণ। সকলের মধ্যে থেকে নিজেরই মুদ্রাদোষে সে একা থাকে। মানুষের কাছে যেতে চায় ঠিকই, কিন্তু মানুষের সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি করতে হয়– ট্রাভিস জানে না। যে নারীদের সাথে সম্পর্ক তৈরি করতে চায় তারা তাকে পাত্তা দেয় না। প্রত্যাখ্যানের যন্ত্রণা সহ্য করতে না পেরে ধীরে ধীরে তার মনে জন্ম নেয় এক বিপজ্জনক ধারণা– এই নোংরা পৃথিবীকে পরিষ্কার করার দায়িত্ব তারই। এরপরই হত্যাকাণ্ডের তাণ্ডব চালায় সে। কিন্তু ঘটনাক্রমে সংবাদপত্রের চোখে সে হয়ে ওঠে নায়ক। তার কাজকে সাহসিকতা হিসেবে দেখা হয়। সিনেমার শেষদিকে ট্র্যাভিস বুঝতে পারে, তার কর্মকাণ্ডে সমাজ বদলায়নি। শুধু সমাজের চোখে তার পরিচয় বদলে গেছে।
এই ট্র্যাভিস আসলে আমাদের সমাজেরই একজন, যে নিজের কথা কাউকে বলতে পারে না; নিঃসঙ্গতার আঁধারে যে ধীরে ধীরে নিজের ভেতরে একটি আলাদা পৃথিবী তৈরি করে নেয়। চলচ্চিত্রটির প্রাসঙ্গিকতা এখানেও যে, এখন হাতে হাতে স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত পরিচিতি, প্রতিদিন অসংখ্য বার্তা সত্ত্বেও আমাদের একাকিত্ব ঘোচে না। এই মানসিক বিচ্ছিন্নতা চোখে দেখা যায় না। ফলে আমরা খুব সহজেই কাউকে ‘অদ্ভুত’, ‘অসামাজিক’ বা ‘নিজেকে গুটিয়ে রাখা মানুষ’ হিসেবে চিহ্নিত করি। তাকে এড়িয়ে চলি। ‘ট্যাক্সি ড্রাইভার’ তাই এমন এক সমাজের গল্প, যে সমাজ একজন মানুষের ভেতরের ভাঙনকে দেখতে পায় না; যতক্ষণ না সেই ভাঙন কোনো দৃশ্যমান বিস্ফোরণে পরিণত হয়।
পল শ্রেডারের জটিল, সহিংস ও বিষণ্ণ চিত্রনাট্যের সাহায্যে মার্টিন স্করসেসি এই চলচ্চিত্রে বিকলকে এমনভােব তুলে ধরেন, যাতে হত্যাকাণ্ডের চেয়ে প্রত্যাখ্যানের বেদনাই বড় হয়ে বাজে। ট্র্যাভিস বিকলকে বুঝতে এবং এ ধরনের শহুরে সহিংসতার ব্যাখ্যা পেতেও এই উপস্থাপনা কাজে লাগতে পারে।
অল দ্য প্রেসিডেন্ট’স মেন (মুক্তি ৯ এপ্রিল ১৯৭৬)
মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রশাসনকে জর্জরিত করা দুর্নীতির বিষয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির কাহিনি এ চলচ্চিত্রের উপজীব্য। শুরুতে এটি ছিল একটি স্থানীয় সংবাদমাত্র, দুজন সাংবাদিক আপাতদৃষ্টিতে এক সাধারণ অনুপ্রবেশের ঘটনা থেকে শুরু করে ধাপে ধাপে এগিয়ে যান, কখনো কখনো নিজেরাই যেন বিশ্বাস করতে পারেন না যে– ঘটনাটি শেষ পর্যন্ত হোয়াইট হাউজ পর্যন্ত পৌঁছে গেছে, যা পরে ওয়াটারগেট কেলেঙ্কারি নামে পরিচিত হয়। উইলিয়াম গোল্ডম্যানের চিত্রনাট্যকে পর্দায় চমৎকারভাবে রূপান্তর করেছেন অ্যালান জে. পাকুলা এবং দুই সাংবাদিকের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছেন রবার্ট রেডফোর্ড ও ডাস্টিন হফম্যান।
পাকুলার অন্যতম মুনশিয়ানা, অনুসন্ধানী সাংবাদিকরা যে প্রক্রিয়ায় কাজ করেন, তা এই চলচ্চিত্রে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। কিন্তু শেষ পর্যন্ত এই প্রক্রিয়ার প্যাচ পয়জার মূল আখ্যানকে ছাপিয়ে যায়; দর্শক যেন নাম, তারিখ, টেলিফোন নম্বর, কাকতালীয় ঘটনা, হঠাৎ পাওয়া সুযোগ, ভুল সূত্র, অক্লান্ত পরিশ্রম, অস্বীকার, এড়িয়ে যাওয়ার প্রবণতা ইত্যাকার বিশাল সমুদ্রে হারিয়ে যায়। ওয়াটারগেট কেলেঙ্কারি এবং নিক্সনের পদত্যাগের পেছনে নিশ্চয়ই এমন হাজার হাজার খুঁটিনাটি বিষয় ছিল; কিন্তু কর্মরত সাংবাদিকদের এত নিবিড় পর্যবেক্ষণ কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সম্ভবত আগে দেখা যায়নি। এইসব খুঁটিনাটির সুবাদেই উত্তেজনা, আতঙ্ক, সংশয় ও সাহসের যে সংমিশ্রণ তৈরি হয়েছিল, সেটিই এই চলচ্চিত্রকে সার্থক করে তুলেছে।
সংবাদপত্র নিয়ে তৈরি চলচ্চিত্রগুলোতে অধিকাংশ সময় একঘেয়েমি বা দীর্ঘ অপেক্ষার মুহূর্তগুলোকে এড়িয়ে উত্তেজনার দিক বড় করে দেখানো হতো, এখনো হয়। কিন্তু এই চলচ্চিত্র মূলত সেই একঘেয়েমি, দীর্ঘ অপেক্ষা আর অক্লান্ত অনুসন্ধানের গল্পই বলেছে। তা সত্ত্বেও, পরিচালক অ্যালান জে. পাকুলা চলচ্চিত্রটির গতি টানটান রাখতে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। বিশেষ করে অভিনয় ও সম্পাদনা এতই চমৎকার, এমনকি যখন উডওয়ার্ড ও বার্নস্টেইনের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়, তখনো যেন গল্প এগিয়ে চলেছে। পুরো চলচ্চিত্রে কৃত্রিমতা বা তথাকথিত হলিউডি ঢঙের কোনো ছাপ নেই, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
নেটওয়ার্ক (মুক্তি ২৭ নভেম্বর ১৯৭৬)
রেটিং নেমে গেছে বলে প্রবীণ সংবাদ উপস্থাপক বিলকে চাকরি থেকে বরখাস্ত করা হলে তিনি নিজের অনুষ্ঠানেই তার বরখাস্ত হওয়ার খবরটি আগাম ঘোষণা করেন। আরও বলেন, দুই সপ্তাহের মধ্যে তিনি সরাসরি সম্প্রচারের সময় আত্মহত্যা করবেন। তার এই ঘোষণা ও অপ্রকৃতিস্থ আচরণ অনুষ্ঠানটিকে অপ্রত্যাশিতভাবে অত্যন্ত জনপ্রিয় করে তোলে এবং অনুষ্ঠানের রেটিং হঠাৎ বেড়ে যায়। কর্তৃপক্ষ প্রথমে নাখোশ হলেও পরে এই পরিস্থিতি কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। আরও নানা কর্মকাণ্ডে পর বিল এক নতুন তারকাখ্যাতি পান এবং সরাসরি স্টুডিও দর্শকদের সামনে তার জনমুখী বিক্ষুব্ধ বার্তা প্রচার করতে থাকেন। একসময় বিলের নতুন বয়ানগুলো দর্শককে হতাশ করে তোলে এবং অনুষ্ঠানের রেটিং কমতে শুরু করে। চাকরি থেকে বরখাস্ত না করে নেটওয়ার্কের রেটিং বাড়ানোর লক্ষ্যে সরাসরি সম্প্রচারের সময় বিলকে হত্যা করা হয়।
ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক সিডনি লুমেট । শুধু টেলিভিশন নেটওয়ার্ক নয়, বরং ১৯৭০-এর দশকের অনেক সামাজিকব্যাধিকেও আক্রমণ করেছে চলচ্চিত্রটি। চটকদার জিনিসের প্রতি অসুস্থ আকর্ষণ, লিঙ্গবৈষম্য, বিপ্লবের নামে ভণ্ডামি, উচ্চ-মধ্যবিত্ত শ্রেণির বিচ্ছিন্নতাবোধ, পুঁজিবাদী শোষণ, রেটিং লড়াইয়ের কদর্য চেহারা এবং মানুষের মধ্যে যোগাযোগের ব্যর্থতা– এসবই উঠে এসেছে এতে। সিনেমার শেষ নাগাদ, একদিকে উচ্চাকাঙ্ক্ষী প্রোগ্রাম প্রডিউসার, অন্যদিকে দুর্নীতিবাজ কর্তৃপক্ষের পীড়ণে উপস্থাপক পুরোপুরি উন্মাদ হয়ে যান। সিনেমাটি দেখায়, সমাজে অশুভ শক্তির ব্যাপ্তি এতটাই বিশাল যে, এর ভিড়ে মানবিক মূল্যবোধগুলো হারিয়ে যায় এবং বহুজাতিক করপোরেশনগুলোই বর্তমান সময়ের প্রকৃত সরকার।
পঞ্চাশ বছর আগে এই সিনেমা যারা দেখেছেন তাদের কাছে হয়তো একে বাড়াবাড়ি মনে হয়েছে। হয়তো ভেবেছেন, এগুলো নিছক কল্পনা। কিন্তু আজ রেটিং প্রতিযোগিতায় গণমাধ্যমের উন্মাদনা দেখলে মনে হবে, এটি বাস্তবতার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে।
সূত্র: এল পাইস, আইএমডিবি, রজার এবার্ট, উইকিপিডিয়া









