অংশু নির্মাণ করবেন ‘গোলাম মামুন ২’
বিনোদন প্রতিবেদক

তানিম রহমান অংশু
কলকাতার হইচই ওটিটির জন্য ‘বুকের মধ্যে আগুন’ সিরিজ নির্মাণ করেছিলেন তানিম রহমান অংশু। সেই সিরিজের এসিপি গোলাম মামুনকে নিয়ে স্পিন-অফ ‘গোলাম মামুন’ নির্মাণ করেন শিহাব শাহীন। কথা ছিল ‘গোলাম মামুন ২’ও করবেন তিনি। গত বছরের শেষ দিকে শিহাব শাহীন জানিয়েছিলেন, ‘গোলাম মামুন ২’-এর পাণ্ডুলিপির কাজ চলছে।
শিগগিরই দৃশ্য ধারণ শুরু হবে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে শিহাব নন, অংশুই পরিচালনা করবেন ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তি। সম্প্রতি শিহাব শাহীন জানিয়েছেন, সময়ের অভাবে ‘গোলাম মামুন ২’ করতে পারছেন না তিনি। তবে হইচই ও অংশু এখনো আনুষ্ঠানিকভাবে খবরটি জানায়নি।

