এনটিআরসিএ নিয়োগ
তিন দফা দাবিতে জবিতে সংবাদ সম্মেলন

এনটিআরসিএ নিয়োগ পদ্ধতি বহালের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন— সংগৃহীত
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর (NTRCA) কেন্দ্রীয় সুপারিশ পদ্ধতি বহাল রাখা, দীর্ঘদিন ঝুলে থাকা ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ এবং পরীক্ষায় অসাধু চক্র দমনে কার্যকর পদক্ষেপের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা তিন দফা দাবি উত্থাপন করেন। এর আগে একই দাবিতে বিকাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, এনটিআরসিএর মাধ্যমে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিত্তিতে শিক্ষক নিয়োগের যে কাঠামো দীর্ঘদিন ধরে চলে আসছে, তা কোনোভাবেই ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে হস্তান্তর করা যাবে না। এমন সিদ্ধান্ত নেওয়া হলে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক প্রতিযোগিতা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি অনিয়ম ও প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে, এনটিআরসিএর নিয়োগ কোনোভাবেই ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তর না করা এবং ভবিষ্যতে এমন জনবিরোধী সিদ্ধান্ত থেকে বিরত থাকা; চাকরিপ্রত্যাশী বেকার শিক্ষার্থীদের বাস্তবিক দিক বিবেচনায় গত তিন বছর ধরে ঝুলে থাকা ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার অনতিবিলম্বে প্রকাশ করা; এবং সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারকারী ও অসাধু চক্রের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বক্তারা বললেন, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিপুলসংখ্যক চাকরিপ্রত্যাশী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশে দীর্ঘসূত্রতা চাকরিপ্রত্যাশীদের অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের মাধ্যমে নিয়োগপ্রত্যাশীদের সামনে নতুন সুযোগ তৈরি করতে হবে।
তারা আরও বললেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করে কেউ যেন মেধাবীদের সুযোগ থেকে বঞ্চিত করতে না পারে, সে জন্য পরীক্ষাকেন্দ্রে ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিয়োগ ও পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং মেধার মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান তারা।
আন্দোলনকারীরা বলেন, এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বাতিল বা পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হলে দেশের বিপুলসংখ্যক নিবন্ধনধারী চাকরিপ্রত্যাশী ক্ষতিগ্রস্ত হবেন। তাই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগব্যবস্থা বহাল রাখার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।





