শিক্ষাই সমাজের প্রধান শক্তি : পাবিপ্রবি উপাচার্য

সংগৃহীত ছবি
শিক্ষাই সমাজের প্রধান শক্তি বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। তিনি বলেছেন, শিক্ষকদের সম্মান, পেশাগত মর্যাদা ও কাজের স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে।
আজ সোমবার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। এ বছরের শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর’।
সভায় সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল আউয়াল, বিএনপির পাবনা জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু ও সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন।
উপাচার্য বলেন, শিক্ষক এক প্রজন্মের অর্জিত জ্ঞান, মূল্যবোধ ও অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেন। শিক্ষার্থীর জীবনে একজন শিক্ষকের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। তাই শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, নীতি নির্ধারণে তাদের মতামতের গুরুত্ব, পেশাগত উন্নয়নের সুযোগ এবং ভালো কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেছেন, শিক্ষকদের অপ্রয়োজনীয় কাজের চাপ থেকে মুক্ত রেখে প্রযুক্তি ও আধুনিক শিক্ষাপদ্ধতি ব্যবহারের সুযোগ দিতে হবে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীর মানবিক সম্পর্ক জোরদার করে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে ঈদ বা পূজার ছুটিতে নিজ এলাকার অন্তত একজন শিক্ষকের খোঁজ নেওয়ার আহ্বান জানান অধ্যাপক শামীম। তিনি বলেছেন, বাবা-মায়ের দোয়ার পাশাপাশি শিক্ষকের দোয়াও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



