আগামীর সময়

এসএসসি পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনায় যা আছে

এসএসসি পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনায় যা আছে

ছবিঃ আগামীর সময়

দরজায় কড়া নাড়ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে চলা এই পরীক্ষা সামনে রেখে কেন্দ্রসচিবদের প্রতি নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার জারি করা এই নির্দেশনায় পরীক্ষা পরিচালনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে রয়েছে বিস্তারিত দিকনির্দেশনা।

নির্দেশনা অনুযায়ী অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

প্রশ্নপত্র ব্যবস্থাপনায় কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে যাচাই করতে হবে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র। এ সময় সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রসচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক। প্রশ্নপত্রের সৃজনশীল ও বহুনির্বাচনী সেট আলাদাভাবে সিকিউরিটি খামে সংরক্ষণ করতে হবে এবং খামের ওপর উল্লেখ করতে হবে পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড।

পরীক্ষার দিন ট্রেজারি থেকে ট্যাগ অফিসার ও পুলিশের প্রহরায় প্রশ্নপত্র কেন্দ্রে আনা হবে। মোবাইলে প্রাপ্ত সেট কোড নিশ্চিত হওয়ার পর খোলা যাবে নির্ধারিত সেটের প্রশ্নপত্র। অন্য কোনো সেট ব্যবহার করলে মুখোমুখি হতে হবে বিভাগীয় শাস্তির ।

কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রসচিব ছাড়া অন্য কারও মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য দায়িত্ব পালন করবেন একজন কক্ষ পরিদর্শক এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুইজন। বেঞ্চ অনুযায়ী নির্দিষ্ট আসনবিন্যাস নিশ্চিত করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ থাকবে। এরপর বিশেষ বিবেচনায় কেন্দ্রসচিব প্রবেশের অনুমতি দিতে পারবেন, তবে তা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

এছাড়া কেন্দ্রের বাইরে ভিড় নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা স্থাপন, নকল প্রতিরোধমূলক পোস্টার প্রদর্শন এবং টয়লেট তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকালীন অন্য কোনো ব্যক্তি কেন্দ্রে অবস্থান করতে পারবেন না।

উত্তরপত্র ব্যবস্থাপনাতেও কঠোর শিক্ষা বোর্ড। পুরাতন ও নতুন সিলেবাসের উত্তরপত্র আলাদাভাবে প্যাকেট করতে হবে এবং প্রতিটি বিষয়ের জন্য পৃথক প্যাকেট করতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র ও উত্তরপত্র নিশ্চিত করতে হবে। পরীক্ষার সব কার্যক্রমে ট্যাগ অফিসারের সম্পৃক্ততা বাধ্যতামূলক এবং প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহনে থাকতে হবে পুলিশের উপস্থিতি। পরীক্ষা শেষে উত্তরপত্র সিলগালা করে জমা দিতে হবে বোর্ডে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার সময় বিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষা না থাকা দিনগুলোয় শ্রেণিকাজ চালানো যাবে। প্রবেশপত্রে কোনো ত্রুটি থাকলে সংশোধন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হলে কেন্দ্রসচিবের ‘দায়িত্বে অবহেলা’ হিসেবে গণ্য করা হবে বলে সতর্ক করেছে শিক্ষা বোর্ড।

    শেয়ার করুন: