সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ: জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার

সংগৃহীত ছবি
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আট নেতাকর্মীকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
রবিবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির ও মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা কাব্য সাহাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
তবে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সুনির্দিষ্ট বিষয় বা ঘটনার বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।



