শিক্ষামন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার

গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার জানিয়েছেন শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে শিক্ষাব্যবস্থার বর্তমান চিত্র ও ভবিষ্যৎপরিকল্পনাও তুলে ধরলেন শিক্ষামন্ত্রী।
আজ সোমবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন এবং মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমেন। এ সময় তুরস্ক ও মালয়েশিয়ার সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে হয় আলোচনা।
বৈঠককালে দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন তুরস্কের রাষ্ট্রদূত। ‘বাংলাদেশের সঙ্গে তুরস্কের শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে অত্যন্ত দৃঢ় সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ক্ষেত্র আরও বিস্তৃতের আছে সুযোগ। দুই দেশের বিদ্যমান ব্যবসার প্রসার এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক আরো সম্প্রসারণ করতে ইচ্ছুক তুরস্ক’— যোগ করেন রাষ্ট্রদূত।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশগুলোর সমন্বিত কার্যক্রম এগিয়ে গেলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বৃদ্ধি পাবে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
তুরস্ক রাষ্ট্রদূতের পর শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
‘শিক্ষার উন্নয়নে মালয়েশিয়া সারাবিশ্বে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তাদের এই অভিজ্ঞতা বাংলাদেশেও কাজে লাগানোর সুযোগ রয়েছে’—উল্লেখ করেন শিক্ষামন্ত্রী
দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করলেন মালয়েশিয়ার হাইকমিশনার।




