শাবিপ্রবির প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

ছবি: আগামীর সময়
যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের প্রটোকল দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, জরিমানার অর্থ আত্মসাৎ এবং নারী শিক্ষার্থীর শারীরিক গঠন নিয়ে অপমানজনক মন্তব্যসহ নানা অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রক্টর কার্যালয়ে থাকা কর্মচারীদের বের করে দিয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেন একদল শিক্ষার্থী।
এ সময় শাখা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন, শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রাত পৌনে ৮টা পর্যন্ত প্রক্টর কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে।
প্রক্টর কার্যালয়ে তালা দেওয়ার কারণ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজ হোসেন রিমন বলেন, গতকাল এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়ে প্রক্টর স্যারকে ফোন দিলে তিনি উল্টো ধমক দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। শুধু এটিই নয়, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রক্টরের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। আমরা দেখেছি, ক্যাম্পাস থেকে বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীদের তিনি বিশেষ প্রটোকলের মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন।
জরিমানার অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তিনি আরও বলেন, কিছুদিন আগে এক শিক্ষার্থী ট্রাক দুর্ঘটনায় আহত হন। ভুক্তভোগী শিক্ষার্থীকে না জানিয়েই প্রক্টর রাতের আঁধারে এক লাখ টাকা জরিমানা আদায় করেন, যা ভুক্তভোগী শিক্ষার্থী নিজেই জানেন না এবং সেই টাকা তার হাতে হস্তান্তর করা হয়নি। ক্যাম্পাসের শতকরা ৮০ ভাগেরও বেশি শিক্ষার্থী প্রক্টর অফিসের মাধ্যমে কোনো না কোনোভাবে হয়রানির শিকার হয়েছেন। এত সব অভিযোগের পর এমন একটি দায়িত্বশীল পদে থাকার নৈতিক যোগ্যতা তিনি হারিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, গতকাল আলোচনার ভিত্তিতে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটে গেছে। এরপরও আজ কেন তারা তালা দিল, সেটি আমার জানা নেই। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে তারা নিয়মতান্ত্রিকভাবে প্রশাসনের কাছে দাবি জানাতে পারে, কিন্তু প্রক্টর অফিসে তালা দিতে পারে না। গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল, সে বিষয়ে আমি পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট থানার ওসিকে ফোন করে সমাধানের ব্যবস্থা করেছি।
ভুক্তভোগী ছাত্রীকেও কল দিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং সে সন্তুষ্টি প্রকাশ করেছে। আমাদের প্রক্টরিয়াল বডি ভালো কাজ করছে, বলেও জানান তিনি।



