রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৩ শিক্ষক-শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৭ জন কৃতী শিক্ষার্থী ও ছয়জন শিক্ষককে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বললেন, ‘এ পুরস্কার শুধু সম্মাননা নয়, বরং এটি তাদের জন্য একটি বড় দায়িত্বও। পরিবারের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল থেকে নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে যেখানেই থাকুক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ব্যবসায় শিক্ষা অনুষদের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে।’
তিনি আরও বললেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের জন্যও ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর এ আয়োজন অব্যাহত থাকুক। পুরস্কার প্রদানের প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। তবে আগামীতে আরও স্বচ্ছ ও নির্ভুলভাবে এ কার্যক্রম পরিচালনা করতে হবে।’
অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে ছয়জন শিক্ষককে এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট ৬৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের মধ্যে স্নাতক পর্যায়ে ২৮ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে ৩৯ জন রয়েছেন।
স্নাতক পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের চারজন, ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের তিনজন, মার্কেটিং বিভাগের চারজন, ২০২৩ সালের ছয়জন ও ২০২৪ সালের চারজন, ফাইন্যান্স বিভাগের একজন এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের ছয়জন রয়েছেন।
অন্যদিকে, স্নাতকোত্তর পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের নয়জন, ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের ছয়জন, মার্কেটিং বিভাগের ১২ জন, ফাইন্যান্স বিভাগের একজন, ব্যাংকিং ও বিমা বিভাগের ছয়জন এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের পাঁচজন রয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হাসনাত কবির।



