পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন ড. শামীমা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. শামীমা সুলতানা।
আজ রবিবার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ অক্টোবর পিএসসির নতুন সদস্য পদে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীমা সুলতানা। এদিন এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত— এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত তিনি সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় অধ্যাপক শামীমা সুলতানা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি। সে সময় (২০২৪ সালের ১ আগস্ট) নিজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। ছবি নামিয়ে ফেলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিও দেন এ শিক্ষক।
ড. শামীমা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন। তবে বর্তমান তিনি কোনো কমিটিতে পদে নেই।




