নভেম্বরের মধ্যে আবাসিক ভবন ভাড়াটিয়া মুক্ত করার নির্দেশ ঢাবির

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক এলাকায় বরাদ্দ পাওয়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাসা বাণিজ্যিকভাবে অন্যের কাছে ভাড়া দেওয়া বন্ধে আগামী ৩০ নভেম্বরের ফাঁকা করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা বিজ্ঞপ্তিতে সই করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাসা বরাদ্দের শর্ত অনুযায়ী, বরাদ্দ পাওয়া কোনো বাসা সাবলেট দেওয়া যাবে না। কেউ এ শর্ত লঙ্ঘন করে বাসা সাবলেট দিলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট বাসার বরাদ্দ বাতিল করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে, বিভিন্ন আবাসিক এলাকায় বরাদ্দ পাওয়া বাসার কিছু অংশ বা সম্পূর্ণ বাসা বাণিজ্যিকভাবে অন্যের কাছে ভাড়া দেওয়া হচ্ছে। বিশেষ করে উত্তর নীলক্ষেত, দক্ষিণ নীলক্ষেত, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার, স্বাধীনতা টাওয়ার, শিববাড়ী, আজিমপুর ও হাজারীবাগ আবাসিক এলাকায় এ ধরনের অনিয়ম হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, বরাদ্দপত্রের শর্ত অমান্য করে অন্যের কাছে বাসা ভাড়া দেওয়া বিশ্ববিদ্যালয়ের বিধিবিধানের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বরাদ্দ পাওয়া বাসাগুলো ভাড়াটিয়ামুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা বলেছেন, সরকারি সিদ্ধান্ত মোতাবেক চলতি মাসের ৩০ তারিখের মধ্যে ঢাবির সব আবাসিক ভবন থেকে সাবলেট তুলে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর থেকে বরাদ্দকৃত বাসা ভাড়া দেওয়ার অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



