বাংলা বিভাগের প্রযোজনায় ঢাকা কলেজে ‘মহুয়া সুন্দরী’ নাটক

ছবি: আগামীর সময়
বাংলা বিভাগের প্রযোজনায় ঢাকা কলেজে ময়মনসিংহের গীতিকা মহুয়া সুন্দরী মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টায় কলেজের শহিদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে নাটকটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ, বাংলা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, ময়মনসিংহ গীতিকার যে বিখ্যাত ১০টি পালা রয়েছে, তার মধ্যে একটি হলো ‘মহুয়ার পালা’। এই নাটকটি বাংলা বিভাগ কর্তৃক আমরা এখানে মঞ্চস্থ করতে যাচ্ছি। নাটকটিতে মূলত বাংলার লোকসাহিত্য রয়েছে। বাংলা সাহিত্যের আমাদের গ্রামীণ সমাজ ব্যবস্থা, গ্রামীণ এবং শহরের মানুষের মধ্যে একটি পার্থক্য রয়েছে। সেই জায়গা থেকে গ্রামীণ মানুষের যে রূপরেখা, জীবন সেই জায়গাটিই মূলত এই নাটকের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আজকে দর্শক গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ। অর্থাৎ মহুয়া সুন্দরী দেখার জন্য সবাই উন্মুখ হয়ে আছে। আমাদের এই ময়মনসিংহ গীতিকার মধ্যে মহুয়া সুন্দরী পালাটা অন্যতম। বাংলা সাহিত্যের বিশাল অংশ জুড়ে এটার অবদান রয়েছে। তা আমি বিশ্বাস করি যে, আমাদের ছাত্রদের আনন্দদানের ক্ষেত্রে এই মহুয়া সুন্দরী পালাটি যথেষ্ট ভূমিকা রাখবে। আমরা ভবিষ্যতে এ ধরনের আরও নাটক দেখতে চাই।
আয়োজকরা বলেন, ভবিষ্যতে আমরা এ ধরনের আরও নাটক মঞ্চস্থ করতে চাই। এ ছাড়া, সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে শিল্পকলা একাডেমিতে এই নটকটি মঞ্চস্থ করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।



