রাজনৈতিক পরিচয়ে ঢাকা কলেজের হলে সিট বরাদ্দের অভিযোগ

ছবি: আগামীর সময়
রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ঢাকা কলেজের হলে সিট বরাদ্দের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, সিট বরাদ্দের ক্ষেত্রে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও তা মানা হয়নি।
সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াসের সই করা বিজ্ঞপ্তিতে আবাসিক ছাত্রাবাসের সিট বরাদ্দ দেওয়া হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পরেই সিট না পাওয়া অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। তাদের অভিযোগ, নিয়মিত ক্লাসে উপস্থিতি, ভালো ফলাফল এবং ভাইভায় উত্তীর্ণ হওয়ার পরও চূড়ান্ত সিট বরাদ্দের তালিকায় তাদের নাম রাখা হয়নি। দলীয় পরিচয় বিবেচনায় নিয়ে অসচ্ছল শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ তাদের।
মনোবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহিন আলমের অভিযোগ, বিভাগে ভাইভা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। পরে আবাসিক হলে সিট পাওয়া শিক্ষার্থীদের তালিকায় নাম এসেছিল তার। তবে গতকাল প্রকাশিত চূড়ান্ত তালিকায় রাখা হয়নি তাকে।
শাহিনের ভাষ্য, আমার জায়গায় যাকে সিট দেওয়া হয়েছে, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। বৈধভাবে সিট পাওয়ার পরও আমার নাম তালিকা থেকে বাদ দিয়ে অন্য কাউকে সিট দেওয়ার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেছেন, ‘আমাদের ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসে সিটের সংখ্যা সীমিত। সীমিত সিটের বিপরীতে একাধিক শিক্ষার্থী আবেদন করেছে। ফলে সিট দিতে আমাদের সমস্যা হয়েছে।’
শিক্ষার্থীর নাম কেটে দিয়ে অন্যকে বরাদ্দ দেওয়ার অভিযোগের বিষয়ে অধ্যক্ষ বলেছেন, ‘এমন কোনো ভুল হয়ে থাকলে, সেই সিটের বিষয়গুলো পুনর্বিবেচনা করা হবে।’






