পাবিপ্রবি ও ব্র্যাকের ক্যারিয়ার হাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সংগৃহীত ছবি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এবং ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) অধীনে পরিচালিত ‘ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক’-এর মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে দুপুর দেড়টায় আয়োজিত অনুষ্ঠানে পাবিপ্রবির পক্ষে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং ব্র্যাকের পক্ষে এসডিপি, এডুকেশন ও মাইগ্রেশনের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যারিয়ার হাব স্থাপন করা হবে, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি এবং মানসিক স্বাস্থ্যের যত্নে একটি অন-স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ক্যারিয়ার হাবের বাস্তব চাহিদা ও গুরুত্বের কথা তুলে ধরে মন্তব্য করেন, ব্র্যাক আর্ত-মানবতার সেবায় কাজ করে থাকে এবং তাদের এ উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে। চাকরিক্ষেত্রে প্রবেশের জন্য যেসব যুগোপযোগী দক্ষতা প্রয়োজন, শিক্ষার্থীরা এই সেবার মাধ্যমে তা গ্রহণ করতে পারবে, যা তাদের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এগিয়ে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সাথে তিনি ক্যারিয়ার হাব কর্তৃক বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপনের উদ্যোগের প্রশংসা করেন এবং ক্যাম্পাসে একটি ‘জব ফেয়ার’ আয়োজনের প্রস্তাব দেন।
ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান তাঁর বক্তব্যে বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক ইকোসিস্টেমের মধ্যে এক সেতু হিসেবে কাজ করবে এই ক্যারিয়ার হাব। এই চুক্তি গ্র্যাজুয়েটদের চাকরির জন্য তৈরি করতে ও শিক্ষার্থীদের গ্লোবাল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, ক্যারিয়ার হাবের দক্ষ ও অভিজ্ঞ কাউন্সিলরদের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করেও ক্যাম্পাসে বিশেষ সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম জানান, ক্যারিয়ার হাব শিক্ষার্থীদের জন্য যে সেবাগুলো নিয়ে আসছে তা অত্যন্ত সময়োপযোগী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিওরশিপ ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, সেল ফর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের পরিচালক অধ্যাপক ড. শেখ রাসেল আল-আহম্মেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান খান এবং সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রহীম উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষে স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম হেড ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক, পিসিইউ ম্যানেজার জে এম সাইফুল ইসলাম এবং এমপ্লয়মেন্ট ম্যানেজার মো. ওলিউল আজিম উপস্থিত ছিলেন।







