ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের আবেদন শুরু ১ নভেম্বর

গ্রাফিকস: আগামীর সময়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন আগামী ১ নভেম্বর শুরু হবে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া মোট চারটি ধাপে সম্পন্ন হবে। আবেদনকারীকে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। অনলাইনে পেমেন্ট সম্পন্ন করতে হবে ২ ডিসেম্বর ২০২৬, বুধবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে।
অংশ নিতে পারবেন যারা
২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা ৫৪তম সমাবর্তনে অংশ নিতে পারবেন। এ ছাড়া, ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব পরীক্ষার ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেগুলো ৫৪তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও এ সমাবর্তনে অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেওয়া হবে।
এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সমাবর্তনে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়া হবে।



