১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজে বর্ণাঢ্য আনন্দ র্যালি

শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি : আগামীর সময়
দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ১৮৬ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য আনন্দ র্যালি। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে দিনটি। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘প্রজ্ঞায় দীক্ষায় অদম্য পথচলা, গৌরবের অধ্যায় ঢাকা কলেজ’।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজের মূল ফটকের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি সায়েন্সল্যাব এলাকা প্রদক্ষিণ করে আবার কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উচ্চমাধ্যমিক ও স্নাতক (সম্মান) পর্যায়ের ১৯টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি ঢাকা কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরেন।
রুহুল কবির রিজভী বলেন, ঢাকা কলেজ শুধু আন্দোলন-সংগ্রাম ও রাজনীতিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, বরং দেশের বরেণ্য রাজনীতিবিদ, লেখক, কবি ও সাহিত্যিক তৈরিতেও অবদান রেখেছে।
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং মতপ্রকাশের স্বাধীনতাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন। অথচ পাঠ্যপুস্তকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদান যথাযথভাবে তুলে ধরা হয়নি। ইতিহাসের নিরপেক্ষতা নিশ্চিত করে সত্য ও ন্যায়ভিত্তিক বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ভাষা আন্দোলনসহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এ কলেজের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন।
আব্দুস সালাম বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে তারা নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, নতুন করে শুরু হওয়া গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে এবং ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে প্রতিবেশী রাষ্ট্র থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসেবে বলতে চাই, বহু রক্তের বিনিময়ে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। তাই গণতন্ত্র আর কখনো বাধার মুখে পড়তে দেওয়া হবে না।
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে ফ্যাসিবাদবিরোধী যেকোনো আন্দোলন ঢাকা কলেজের শিক্ষার্থীসহ দেশের সর্বস্তরের মানুষ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপু, কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।
আনন্দ র্যালিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। ঐতিহ্য ও গৌরবের ১৮৬ বছর উদ্যাপনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য।



