আগামীর সময়

ঢাবির চারুকলায় নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ঢাবির চারুকলায় নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

ছবিঃ আগামীর সময়

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

তিনি বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান। তিনি বলেছেন, ‘উৎসবটি সফল করতে ইতোমধ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।’

শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। এজন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন ড. সায়মা হক বিদিশা।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টরবৃন্দ, অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন: