রাষ্ট্রপতির সঙ্গে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত ছবি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী ১৫ অথবা ১৬ মার্চ ২০২৭ অনুষ্ঠিত হতে পারে। রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার ভিত্তিতে সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে। সমাবর্তনের আয়োজনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপউপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী বছরের ১৫ অথবা ১৬ মার্চ সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এ সময় পাবিপ্রবির বর্তমান অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৩০ একর জমিতে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলছে।
বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণ এবং চাকরির বাজারে চাহিদা রয়েছে এমন নতুন বিষয় চালুর বিষয়েও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং সামগ্রিক উন্নয়ন নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়।



