এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে এবার রেকর্ড আবেদন, কোন কারণে
- সাত দিনে ১২ লাখ ৮৭ হাজার আবেদন

গ্রাফিকস: আগামীর সময়
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বেরিয়েছে সাত দিন হলো। এর মধ্যেই খাতা পুনর্নিরীক্ষণের আবেদনে নতুন রেকর্ড। সাত দিনে ৪ লাখ ২৫১ জন অসন্তুষ্ট শিক্ষার্থী মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি বিষয়ের নম্বর পরিবর্তনের জন্য আবেদন করেছেন; যার মধ্যে তত্ত্বীয় বিষয়ে ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক বিষয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে গড়ে একজন শিক্ষার্থী তিনটি বিষয়ে খাতা পুনর্নিরীক্ষণ চেয়েছেন।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। আগের বছরের তুলনায় এবার আবেদনপত্রের সংখ্যা সাড়ে ৫ লাখের বেশি বেড়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত তথ্যমতে, এবার পুনর্নিরীক্ষণের আবেদন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনে কয়েকটি কারণ একসঙ্গে কাজ করছে। সবচেয়ে বড় কারণ চলতি বছর পুনর্নিরীক্ষণের ধরন পরিবর্তন।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার খাতা শুধু প্রচলিত অর্থে পুনর্নিরীক্ষণ করা হবে না, বরং পুরো উত্তরপত্র মূল্যায়ন করা হবে। এজন্য পাবলিক পরীক্ষা অ্যাক্ট পরিবর্তন করা হয়েছে। মন্ত্রীর এমন বক্তব্যের পর কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বর আবার যাচাই করতে খাতা চ্যালেঞ্জ বেশি করেছেন। যদিও চলতি বছর খাতা মূল্যায়নে আগের তুলনায় কঠোর ছিলেন শিক্ষকরা।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, যা ২২ হাজারের বেশি।
বেশি আবেদন ঢাকা বোর্ডে
বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে তত্ত্বীয় বিষয়ে ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক বিষয়ে ৫৮ হাজার ১২টি মোট ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি আবেদন পড়েছে। কুমিল্লা বোর্ডে মোট আবেদন ১ লাখ ১২ হাজার ৬১১টি। রাজশাহী বোর্ডে ১ লাখ ২২ হাজার ২২৮টি, যশোরে ৯১ হাজার ৫৯টি এবং চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩৭ হাজার ৬০১টি আবেদন পড়েছে। এ ছাড়া বরিশালে ৬১ হাজার ৮৬টি, সিলেটে ৬০ হাজার ৯৭৪টি, দিনাজপুরে ১ লাখ ১১ হাজার ২৬০টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৫৯টি, কারিগরি শিক্ষা বোর্ডে ৫১ হাজার ২১৪টি এবং ময়মনসিংহ বোর্ডে ৮৭ হাজার ১৫৭টি আবেদন জমা পড়েছে।




