বিসিআইএ সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক বহিষ্কার

সংগৃহীত ছবি
সংগঠন বিরোধী কার্যকলাপ এবং সদস্যদের সঙ্গে অশ্লীল ও অসৌজন্যমূলক আচরণের দায়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের (বিসিআইএ) সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে মো. আলমগীর হোসেনকে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে (রহমান ম্যানশন) আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মো. সাজ্জাদুল হকের সঙ্গে এখন থেকে এই সংগঠনের কোনো সম্পৃক্ততা থাকবে না।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে একটি ‘জরুরি নোটিশ’ জারি করা হয়েছে। নোটিশে সতর্ক করে বলা হয়েছে, বহিষ্কার হওয়া সাজ্জাদুল হক যদি সংগঠনের নাম ভাঙিয়ে বা বিক্রি করে ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করেন, তবে তার দায়ভার কোনোভাবেই বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ বহন করবে না।




