নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের আহ্বান

ছবি: আগামীর সময়
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে গঠন করা হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ’। কাতারের দোহায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের মন্ত্রীপর্যায়ের প্যানেল আলোচনায় সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরী এই নতুন ব্যবস্থার সুফল তুলে ধরেন। অধিবেশনে জ্বালানি রূপান্তরের অগ্রাধিকারগুলোকে সরাসরি বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিতে সরকার ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়।
এক প্রশ্নের উত্তরে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ব্যাখ্যা করেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগকারীরা এখন কীভাবে সমন্বিত সমন্বয়ের সুবিধা পাবেন। আগে বিনিয়োগ বোর্ড, অর্থনৈতিক অঞ্চল ও পিপিপির কাজ আলাদাভাবে পরিচালিত হলেও এখন ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর একক প্ল্যাটফর্ম থেকে সকল ওয়ান-স্টপ সেবা, প্রশাসনিক অনুমোদন ও নীতিগত সহায়তা নিশ্চিত করা হচ্ছে। তিনটি প্রধান সংস্থার এই একীভূতকরণের ফলে আমলাতান্ত্রিক জটিলতা ও সময়ের অপচয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সিদ্ধান্ত গ্রহণের গতি অনেক বৃদ্ধি পাবে। পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে মূলধনী বিনিয়োগের সুরক্ষা ও বিনিয়োগবান্ধব নানা সুবিধা সহজ হবে।
বর্তমানে ইনভেস্ট বাংলাদেশের পাইপলাইনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় ১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এসব প্রকল্পের বাস্তবায়ন সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে। পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিতকরণ এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয় ফোরাম থেকে।



