সূচক ও লেনদেনে ঊর্ধ্বমূখী ডিএসই

ফাইল ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ যেমন বেড়েছে, তেমনি দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের।
ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। শরীয়াহ সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১২০৩ পয়েন্টে উঠেছে এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্টে বৃদ্ধি পেয়ে ২২২০ পয়েন্টে স্থির হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৯৪টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।
টাকার অঙ্কে লেনদেনের চিত্রে দেখা গেছে উল্মফন। মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় বেশি। আগের কার্যদিবসে বাজারটিতে লেনদেনের পরিমাণ ছিল ৯৬৬ কোটি ৫৩ লাখ টাকা।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথমে রয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় স্থান দখল করে আইএফআইসি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আর বড় দর বৃদ্ধি নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে এক্সিম ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড।
এ ছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নেয় কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, এমবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান, ফার্স্ট জনতা ব্যাংক মিউচু্য়াল ফান্ড।
মঙ্গলবার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শীর্ষ তিনের বাকি দুই স্থানে ছিল যথাক্রমে এসিআই ফরমুলেশন লিমিটেড ও সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড।
এ ছাড়া পতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্টার অ্যডভাইসারস লিমিটেড, টেকনো ড্রাগ লিমিটেড, অরাইজা এগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, কৃষিবিদ ফিড লিমিটেড এবং ফার ক্যামিকেল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।




