বিএসইসি চেয়ারম্যান
প্রস্তাবিত দরেই কিনতে হবে আইপিওর শেয়ার, আসছে লটারি প্রথা

সংগৃহীত ছবি
নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বিধিমালায় শেয়ারের মূল্য নির্ধারণ ও বরাদ্দ পদ্ধতিতে বড় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
তিনি বলেছেন, নতুন নিয়মে যোগ্য বিনিয়োগকারীরা যে দরে শেয়ার কেনার প্রস্তাব দেবেন, তাদের সেই দরেই শেয়ার কিনতে হবে। অন্যদিকে, সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আইপিওর শেয়ার বরাদ্দে আনুপাতিক পদ্ধতির পরিবর্তে চালু করা হবে লটারি প্রথা। অর্থাৎ বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে নয়, লটারির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বণ্টন করা হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‘নতুন আইপিও, নতুন সম্ভাবনা : বাংলাদেশের শেয়ারবাজারে বড় তালিকাবহির্ভূত কোম্পানিগুলোকে যুক্ত করার যৌক্তিকতা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএপিএলসি)। একই অনুষ্ঠানে সংগঠনটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
বিএসইসি চেয়ারম্যানের মতে, নতুন ব্যবস্থায় প্রতিযোগিতামূলক দরপ্রস্তাবের মাধ্যমে শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারণ সহজ হবে। পাশাপাশি আইপিওতে শেয়ার বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
তিনি জানান, বর্তমানে বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারীরা বিভিন্ন দরে শেয়ার কেনার প্রস্তাব দেন। পরে তাদের দরপ্রস্তাবের ভিত্তিতে একটি কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয়। ওই নির্ধারিত দরেই যোগ্য বিনিয়োগকারীরা শেয়ার কেনার সুযোগ পান। তবে নতুন নিয়মে যে বিনিয়োগকারী যে দর প্রস্তাব করবেন, তাকে সেই দরেই শেয়ার কিনতে হবে।
বিএসইসি মনে করছে, এতে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রতিযোগিতামূলক দরপ্রস্তাবের সুযোগ তৈরি হবে এবং শেয়ারের মূল্য নির্ধারণ আরও কার্যকর হবে।
সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিওর শেয়ার বরাদ্দের পদ্ধতিতেও পরিবর্তন আসছে বলে জানালেন মাসুদ খান। বললেন, বর্তমানে আবেদনকারীদের বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে আনুপাতিক হারে শেয়ার বরাদ্দ দেওয়া হয়। নতুন ব্যবস্থায় এ পদ্ধতির পরিবর্তে লটারি চালুর পরিকল্পনা করছে কমিশন। ফলে আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করা হবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার হোসেন সাদাত বলেছেন, শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষাকে প্রধান লক্ষ্য ধরে কাজ করছে কমিশন। এ জন্য নীতিমালা প্রণয়ন, শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ এবং বাজারের সব অংশীজনের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি অংশীজনদের সঙ্গে নিয়মিত আলোচনা করে তাদের সমস্যা ও অগ্রাধিকার চিহ্নিত করা হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর গত প্রায় চার মাসে এ ধরনের অনেক সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নতুন উদ্যোগ আসবে। পুঁজিবাজারের অংশীজনদের গঠনমূলক মতামত শুনতে এবং তাদের সমস্যার সমাধানে বিএসইসির দরজা খোলা রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পুঁজিবাজারে একটি ইতিবাচক ও সবার জন্য লাভজনক পরিবেশ তৈরি করতে চায় কমিশন।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বললেন, দেশের শেয়ারবাজারে বড় ও ভালো মানের তালিকাবহির্ভূত কোম্পানিগুলোকে যুক্ত করতে প্রাথমিক বাজারে শক্তিশালী আইপিও পাইপলাইন গড়ে তোলা জরুরি। দীর্ঘ মেয়াদে অধিকাংশ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধু দ্বিতীয় বাজারের উন্নয়ন যথেষ্ট নয়। নতুন আইপিও ও ডিরেক্ট লিস্টিং প্রবিধানে আর্থিক, উৎপাদন ও সেবা খাতের জন্য খাতভিত্তিক নমনীয়তা রাখা প্রয়োজন। কারণ, বর্তমান মূল্যায়ন কাঠামো উৎপাদন খাতের প্রতি বেশি ঝুঁকে রয়েছে।
তিনি আরও বলেন, আইপিও আবেদন দ্রুত নিষ্পত্তিতে ডিএসই প্রস্তুত রয়েছে। তবে মানসম্মত প্রসপেক্টাস তৈরি এবং বিনিয়োগকারীদের কাছে স্বচ্ছ ও ন্যায্য তথ্যপ্রকাশ নিশ্চিত করতে ইস্যু ম্যানেজারদের সক্ষমতা বাড়াতে হবে। এতে বিনিয়োগকারীরা জেনে-বুঝে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন।
বিএপিএলসির সভাপতি রিয়াদ জানালেন, বর্তমান কমিশন আইনের মধ্যে থেকে তাদের সব যৌক্তিক দাবি পূরণ করেছে। এমনকি কিছু ক্ষেত্রে আইন সংশোধন করেও দাবিগুলো পূরণ করা হয়েছে।
ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, প্রতিবেশী দেশগুলোতে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লেও বাংলাদেশের শেয়ারবাজারে তা কমছে। দেশের বাজারে অনেক সমস্যা রয়েছে। এর পাশাপাশি ভালো অনেক কোম্পানির শেয়ারদরও ব্যাপকভাবে কমে গেছে। এতে এসব কোম্পানির শেয়ার অবমূল্যায়িত হয়ে পড়েছে। ভালো কোম্পানিকে ন্যায্য মূল্য দিতে না পারলে সেসব প্রতিষ্ঠানকে শেয়ারবাজারে আনা কঠিন হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বলেন, বিএসইসি বাস্তবসম্মত বিধিবিধান প্রণয়ন করেছে। এর ফলে আইপিওর স্থবিরতা দূর হবে। পাশাপাশি ব্যাংকনির্ভরতা কাটাতেও এ উদ্যোগ সহায়ক হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইসওয়াটারহাউসকুপার্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান। এ ছাড়া অনুষ্ঠানে বিএপিএলসির সাবেক সভাপতিরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



