এক কোম্পানির ব্যাংকঋণ পরিশোধে নতুন ঋণ, অন্যটির শেয়ার কিনবেন পরিচালক

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর প্রকাশ হয়েছে। এর মধ্যে ইনফরমেশন সার্ভিসেস পদ্মা ব্যাংকের দায় পরিশোধে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে মতির স্পিনিং মিলসের উদ্যোক্তা পরিচালক কোম্পানিটির ১৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে, গত ১৯ নভেম্বর ইনফরমেশন সার্ভিসেসের পরিচালনা পর্ষদের ১৪০তম সভায় এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৩ কোটি ২৩ লাখ টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এককালীন প্রস্থান সুবিধার আওতায় পদ্মা ব্যাংক পিএলসির কাছে থাকা দায় পরিশোধে এ অর্থ ব্যবহার করবে কোম্পানিটি।
তবে ঋণদাতা প্রতিষ্ঠান এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ইনফরমেশন সার্ভিসেসের সংশ্লিষ্ট পক্ষ। কারণ, কোম্পানিটির চেয়ারম্যান সাজেদুর সিরাজের এলিট গার্মেন্টসে ৫০ শতাংশ শেয়ার রয়েছে। ঋণের বিপরীতে ঢাকার রমনা এলাকার নিউ ইস্কাটন রোডের ৫২ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত কোম্পানির কার্যালয়ের জায়গা বন্ধক রাখা হবে। পাশাপাশি ঋণদাতা প্রতিষ্ঠানকে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া হবে।
এ ঋণসংক্রান্ত লেনদেনের বিষয়ে আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় কোম্পানিটির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।
অন্যদিকে, মতির স্পিনিং মিলসের উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম কোম্পানিটির ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। প্রতিটি শেয়ারের বর্তমান বাজারদর ১৩৭ টাকা ৮০ পয়সা হিসাবে এসব শেয়ারের মোট মূল্য দাঁড়ায় প্রায় ১৪ কোটি ১১ লাখ টাকা।
ঘোষণা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেট ও সাধারণ বাজার থেকে এসব শেয়ার কেনা সম্পন্ন করবেন তিনি।



