ডিএসইর কর্মশালা
ইএসএস প্ল্যাটফর্মে পিআই ক্যাটাগরি বাড়াবে বিকল্প বিনিয়োগ

গ্রাফিকস: আগামীর সময়
ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে (ইএসএস) প্রাইভেট ইনভেস্টর (পিআই) ক্যাটাগরি সংযোজনের ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইক্যুইটির বাইরেও বিকল্প বিনিয়োগের সুযোগ বাড়বে। এতে ডিজিটাল, স্বচ্ছ ও সহজ বিনিয়োগ পরিবেশ গড়ে উঠবে, যা শেয়ারবাজারে নতুন নতুন আর্থিক পণ্য চালুর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজ সোমবার অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত সচেতনতামূলক কর্মশালায় এসব কথা বলেছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।
ডিএসইর উদ্যোগে এ কর্মশালায় মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি), ট্রেক হোল্ডার (টিআরইসি) এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসই।
কর্মশালায় জানানো হয়, এত দিন ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে শুধু এলিজিবল ইনভেস্টর (ইআই) ও কোয়ালিফায়েড ইনভেস্টর (কিউআই) ক্যাটাগরির বিনিয়োগকারীরা প্রাথমিক বিনিয়োগের সুযোগ পেতেন। নতুন করে প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি যুক্ত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত প্রাইভেটলি অফারড বন্ড, ওপেন-অ্যান্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং ইকুইটিতে বিনিয়োগের সুযোগ পাবেন সাধারণ বিনিয়োগকারী।
ডিএসই জানায়, যেকোনো ব্যক্তি, নিবন্ধিত প্রতিষ্ঠান বা ফান্ড পিআই ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারবেন। ব্যক্তি বিনিয়োগকারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও একটি ব্যাংক হিসাব এবং প্রতিষ্ঠান বা ফান্ডের ক্ষেত্রে নিবন্ধন সনদ ও ব্যাংক হিসাব থাকলেই নিবন্ধন করা যাবে। এ নিবন্ধনের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না।
কর্মশালায় ইএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন ও সাবস্ক্রিপশন প্রক্রিয়া, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, আবেদন পদ্ধতি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





