প্রশ্নবিদ্ধ বিএএসএম
- প্রশাসনিক ও আর্থিক অনিয়ম তদন্তে বিএসইসি

প্রশাসনিক কার্যক্রম, আর্থিক অনিয়ম নিয়ে একাধিক অভিযোগের মুখে পড়েছে প্রশিক্ষণ এবং গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)। বিশেষ করে কর্মকর্তাদের বেতন কর্তন, উপস্থিতির বায়োমেট্রিক তথ্যে কারসাজির অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে জারি করা হয়েছে এ-সংক্রান্ত একটি আদেশ।
বিএএসএমের দুই কর্মকর্তার অভিযোগ আমলে নিয়ে গঠিত তিন সদস্যের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন— বিএসইসির পরিচালক মো. ইউসুফ ভূঁইয়া, যুগ্ম পরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম। কমিটিকে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৬০ কার্যদিবসের মধ্যে।
আদেশে বলা হয়েছে, বিএএসএমের কার্যক্রম সংশ্লিষ্ট তিনটি বিষয়ে অনুসন্ধান করা প্রয়োজন বলে মনে করছে কমিশন। এর মধ্যে রয়েছে, গত ১ অক্টোবর বিএসএমের দুজন কর্মকর্তার দাখিল করা পৃথক অভিযোগের সত্যতা যাচাই করা। এ ছাড়া ১ সেপ্টেম্বরের নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখা। এসব অনুসন্ধানের জন্য বিএএসএম সোসাইটির সংঘস্মারক ও বিধিমালা নম্বর ৬-এর ক্ষমতাবলে কমিশন এ উদ্যোগ নিয়েছে।
অভিযোগপত্রে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম নিয়ে একাধিক অনিয়মের বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে কয়েক মাসের উপস্থিতির হিসাব একসঙ্গে বিবেচনা করে এক কর্মকর্তাকে ১৫ দিন অনুপস্থিত দেখিয়ে বেতন কর্তনের অভিযোগ। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাসগুলোয় ওই কর্মকর্তাকে পূর্ণ বেতন দেওয়া হয়েছিল। অনিবার্য কারণে সাময়িকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার দিনগুলোয় লিখিত আবেদন ও ব্যাখ্যা জমা দিয়ে কর্তৃপক্ষের অনুমোদনও নেওয়া হয়েছিল। এরপরও কয়েক মাস পর আগের সময়ের অনুপস্থিতি দেখিয়ে বেতন কর্তন করা হয়েছে। এ বিষয়ে আগে থেকে কোনো ধরনের নোটিস, কারণ দর্শানোর সুযোগ কিংবা আত্মপক্ষ সমর্থনের আইনি সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া প্রশাসন বিভাগের এক্সিকিউটিভ অফিসার মাসুদুর রহমানের বিরুদ্ধে অতীতের আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, একটি ওয়েবসাইট তৈরি নিয়ে আর্থিক অনিয়মের বিষয়টি পূর্ববর্তী কমিশনের সময়ে কমিশনারের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তা স্বীকার করেছিলেন। পরে একটি অডিট প্রতিবেদনে প্রায় ৮৮ হাজার টাকার আর্থিক অনিয়মের বিষয় উঠে আসে। পরে ওই অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিজের অর্থ থেকে পরিশোধ করতে হয়েছিল বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, প্রশাসন বিভাগের সহকারী পরিচালক নাজমুল হকের সহযোগিতায় ওই এক্সিকিউটিভ অফিসার বায়োমেট্রিক উপস্থিতির তথ্যে পরিবর্তন করে একজন কর্মকর্তাকে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত দেখিয়েছেন। এর মাধ্যমে তাকে অপদস্থ, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং ভবিষ্যতে প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি করার পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে বিএএসএমের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলা হয়েছে।



