এসইএমএল শরীয়াহ ফান্ডের পাওনা দাবির সময়সীমা ২৬ সেপ্টেম্বর

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের কাছে কোনো অনাদায়ী পাওনা বা দাবি থাকলে তা দাখিলের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিটহোল্ডার, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণসহ তাদের দাবি মিউচুয়াল ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের কাছে জমা দিতে বলা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ৭ মে জারি করা নির্দেশনার ১০ নম্বর অনুচ্ছেদ অনুসরণ করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরের পূর্ণাঙ্গ প্রক্রিয়া ও নিয়মাবলী নির্ধারণ করে নির্দেশনাটি দেওয়া হয়েছে।
বিএসইসির নির্দেশনার ১০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ট্রেড সাসপেনশন বা সিকিউরিটিজের লেনদেন স্থগিতের নির্দিষ্ট তারিখের আগে ফান্ডের ওপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাওনা বা দাবি থাকলে তা নিষ্পত্তির জন্য সম্পদ ব্যবস্থাপককে সময়সীমা নির্ধারণ করে সর্বসাধারণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। সেই নির্দেশনার ভিত্তিতেই ফান্ডটির যাবতীয় পাওনা ও হিসাব-নিকাশ নিষ্পত্তির প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি আহ্বান করা হয়েছে।
অনুচ্ছেদে আরও বলা হয়েছে, কোনো ইউনিটহোল্ডার বা সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কাছে ফান্ডটির অনাদায়ী লভ্যাংশ, রিফান্ড বা অন্য কোনো পাওনা থাকলে তা পূর্ণাঙ্গ বিবরণ ও প্রয়োজনীয় প্রমাণপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। সংশ্লিষ্টদের দাবি যাচাই ও নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এসব দাবি জমা দিতে হবে। দাবি ও প্রয়োজনীয় কাগজপত্র স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ফাইন্যান্স স্কয়ার, লেভেল-১৪, প্লট-২২/এ, রোড নং-১০২ ও ১০৩, ব্লক-সিইএন(ডি), গুলশান, ঢাকা-১২১২ ঠিকানায় জমা দেওয়া যাবে। এ ছাড়া [email protected] ই-মেইল ঠিকানায়ও যোগাযোগ করা যাবে।



