ফাইন ফুডসের লভ্যাংশ ঘোষণা; সাধারণ শেয়ারহোল্ডার জন্য ৪০.৫০%, পরিচালকদের ৫%

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডসের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪০ দশমিক ৫০ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা। একই সময়ে গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২০ পয়সা।
এর আগের অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ১৮ পয়সা। ওই বছর সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
নগদ প্রবাহ নিয়ে প্রশ্ন
ফাইন ফুডসের ঘোষিত লভ্যাংশের বিপরীতে কোম্পানিটির পরিচালন নগদ প্রবাহ তুলনামূলকভাবে কম। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাত্র ১ টাকা ৯০ পয়সা।
অর্থাৎ, শেয়ারপ্রতি ১১ টাকা ৮১ পয়সা মুনাফা দেখানো হলেও ব্যবসা পরিচালনা থেকে নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ৯০ পয়সা।
এ কারণে সবাইকে ৪০ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা নেই। কোম্পানিটির আর্থিক বিবরণীতে দেখানো মুনাফার সঙ্গে পরিচালন নগদ প্রবাহের বড় ব্যবধান থাকায় বিনিয়োগকারীদের জন্য বিষয়টি পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
শেয়ারদরেও বড় উত্থান
ফাইন ফুডসের শেয়ারদর বর্তমানে ৪৭১ টাকা ৪০ পয়সার আশপাশে রয়েছে। উচ্চ শেয়ারদরের সঙ্গে কোম্পানিটির মুনাফা, নগদ প্রবাহ ও লভ্যাংশের সামঞ্জস্য নিয়েও বাজারে আলোচনা রয়েছে।
বিশেষ করে ইপিএসের তুলনায় পরিচালন নগদ প্রবাহ অনেক কম হওয়ায় ঘোষিত লভ্যাংশ বাস্তবে কোম্পানির নগদ সক্ষমতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—এ নিয়ে প্রশ্ন উঠছে।
এজিএম ২৬ ডিসেম্বর
ফাইন ফুডসের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।



