পাঁচ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানেও দিচ্ছে জেএমআই সিরিঞ্জ

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে একমি ল্যাবরেটরিজ ও শাহজিবাজার পাওয়ার ৪০ শতাংশ করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে কেডিএস এক্সেসরিজ ১০ শতাংশ, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস ১০ শতাংশ এবং মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিগুলোর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশের মধ্যে শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশের হার আগের অর্থবছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এবার তা বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফাও ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৪ পয়সায় দাঁড়িয়েছে। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ২৯ পয়সা।
একমি ল্যাবরেটরিজ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১২ টাকা ৬৫ পয়সা এবং গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩৯ টাকা ৩৭ পয়সা।
কেডিএস এক্সেসরিজের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ২০ পয়সা। আর গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৮ টাকা ৯১ পয়সা।
অন্যদিকে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ১ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে মাত্র ৩১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ২৫ পয়সা।
এদিকে লোকসানে থাকার পরও শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা। তবে গত ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৮৪ টাকা ২৩ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য একমি ল্যাবরেটরিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ ডিসেম্বর, কেডিএস এক্সেসরিজের ১৪ ডিসেম্বর, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ৩০ ডিসেম্বর, জেএমআই সিরিঞ্জের ২৩ ডিসেম্বর এবং শাহজিবাজার পাওয়ারের ২০২৭ সালের ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব কোম্পানির রেকর্ড ডেট যথাক্রমে ১৮ নভেম্বর, ১৮ নভেম্বর, ১৮ নভেম্বর, ২৩ নভেম্বর ও ২৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।



