শেয়ারহোল্ডারদের জন্য চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা, দুটির না

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারহোল্ডারদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি। অন্যদিকে, লোকসানের কারণে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার কথা জানিয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি ও জাহিন স্পিনিং।
লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো হলো—বিবিএস কেবলস, বিডি অটোকারস, আরগন ডেনিমস ও ইভিন্স টেক্সটাইল। এর মধ্যে বিবিএস কেবলস ০.২৫ শতাংশ, বিডি অটোকারস ২ শতাংশ, আরগন ডেনিমস ১০ শতাংশ এবং ইভিন্স টেক্সটাইল ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বিডি অটোকারসের ঘোষিত লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য প্রযোজ্য।
কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, ছয়টির মধ্যে দুটি কোম্পানি লোকসানে রয়েছে এবং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে লোকসানে থাকা বিবিএস কেবলসও শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বিবিএস কেবলস : ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫.০৮ টাকা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২২.৯৩ টাকা। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ৪.০৫ টাকা লোকসান করেছিল কোম্পানিটি। ওই বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৭ নভেম্বর।
বিডি অটোকারস : ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৬ টাকা। গত ৩০ জুন এনএভিপিএস ছিল ৭.৪৮ টাকা। এ বছর সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ০.১৮ টাকা মুনাফার বিপরীতে একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল। আগামী ১৩ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৭ নভেম্বর।
উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি : ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৭৯ টাকা। গত ৩০ জুন এনএভিপিএস ছিল ৫৯.৯৪ টাকা। আগের অর্থবছরেও শেয়ারপ্রতি ৫.৩৪ টাকা লোকসান হয়েছিল। দুই অর্থবছরেই শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আগামী ১৯ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৩ নভেম্বর।
জাহিন স্পিনিং : ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪৮ টাকা। গত ৩০ জুন এনএভিপিএস ছিল ২.৯১ টাকা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ০.৫৫ টাকা লোকসান হয়েছিল। ওই বছরও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আগামী ২৯ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৮ নভেম্বর।
আরগন ডেনিমস : ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.১৬ টাকা। গত ৩০ জুন এনএভিপিএস ছিল ২৪.৬০ টাকা। এ বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ১.৬৮ টাকা মুনাফার বিপরীতে একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল। আগামী ১০ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২২ নভেম্বর।
ইভিন্স টেক্সটাইল : ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩১ টাকা। গত ৩০ জুন এনএভিপিএস ছিল ১২.৮৯ টাকা। এ বছর ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ০.২৯ টাকা মুনাফার বিপরীতে একই হারে নগদ লভ্যাংশ দিয়েছিল। আগামী ১০ ডিসেম্বর এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২২ নভেম্বর।



